মোহাম্মদপুরে পাঁচ স্থানে ককটেল নিক্ষেপ, চারটিতে বিস্ফোরণ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীর মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় এক রাতেই পাঁচটি স্থানে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে চারটি স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে। অপর একটি অবিস্ফোরিত ককটেল বোমা নিষ্ক্রিয় করেছে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। এসব ঘটনার মধ্যে শ্যামলী এলাকায় সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, কৃষি মার্কেট ও আসাদগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া শ্যামলী থেকে বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
জানা গেছে, মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে কৃষি মার্কেট এলাকায় এবং রাত ৯টা ৪০ মিনিটের দিকে আসাদগেট এলাকায় ককটেল বিস্ফোরিত হয়।
এ ছাড়া রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয় এলাকায় একটি ককটেল নিক্ষেপ করা হয়। তবে সেটি বিস্ফোরিত হয়নি। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলটি নিষ্ক্রিয় করেন।
অন্যদিকে, বসিলা এসআরবি-২ কার্যালয় ও রেসিডেনসিয়াল মডেল কলেজ এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
