×

জাতীয়

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

‘ভিডিও ফুটেজ দেখে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৬ পিএম

‘ভিডিও ফুটেজ দেখে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে’

ফাইল ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় জড়িত ব্যক্তিদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, হামলা ও ধ্বংসযজ্ঞের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাহিনীগুলোকে প্রয়োজন অনুযায়ী আইনানুগ বল প্রয়োগের নির্দেশনার কথাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টুঙ্গিপাড়ায় মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ আত্মরক্ষার্থে পিছু হটলেও তাৎক্ষণিকভাবে রক্তপাত ও হতাহতের ঘটনা এড়াতে সর্বোচ্চ সংযম দেখিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চারপাশে অবস্থান নিয়ে কাজ করছেন।

সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়ার অভিযোগ করে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের বাইরে অবস্থানরত সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও তথাকথিত নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দিয়ে গ্রামে গ্রামে আগুন লাগানোর নির্দেশ দিচ্ছেন। তাঁরা চান, সরকারও তাঁদের কায়দায় রাজপথে গুলি চালিয়ে মানুষ হত্যা করুক।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের রক্তে হাত পাকাতে চায় না। তবে কেউ যদি থানায় হামলা চালায় এবং দেশের নিরাপত্তা বিঘ্নিত করে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার অধিকার ও প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় বল প্রয়োগ করবে।’

এদিকে বিদেশ সফরে বিরোধীদলীয় চিফ হুইপের ওপর হামলার চেষ্টারও নিন্দা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘বিদেশ সফরে আমাদের বিরোধীদলীয় চিফ হুইপের ওপর এই ফ্যাসিবাদী শক্তির কুচক্রী সন্ত্রাসীরা হামলা চালানোর চেষ্টা করেছে। এর আগেও তারা নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অভদ্র আচরণ করেছে। এগুলোই তাদের চরিত্র।’

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি যতই ষড়যন্ত্র করুক না কেন, এ দেশে তাদের কোনো স্থান হবে না।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

‘ভিডিও ফুটেজ দেখে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে’

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ‘ভিডিও ফুটেজ দেখে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে’

আ.লীগের সঙ্গে বিএনপির একাংশের সমঝোতায় দলটি বিপন্ন হতে পারে

হাসনাত আবদুল্লাহ আ.লীগের সঙ্গে বিএনপির একাংশের সমঝোতায় দলটি বিপন্ন হতে পারে

পাকিস্তানকে হারিয়ে ভারতের দশম শিরোপা

পাকিস্তানকে হারিয়ে ভারতের দশম শিরোপা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App