৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১১:১১ পিএম
ফাইল ছবি
একসঙ্গে ৩০টিরও বেশি ব্যাংকের কার্ড, এটিএম ও জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) সংশ্লিষ্ট ডিজিটাল লেনদেন সেবা বিঘ্নিত হওয়ার ঘটনায় ‘কিউ-ক্যাশ’ নেটওয়ার্ক পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সুইচিংসহ কার্ডভিত্তিক সব সেবা দ্রুত পুনরায় চালুর কঠোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ অক্টোবর রাত ৯টা থেকে কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে ৩০টির অধিক ব্যাংকের বিভিন্ন ডিজিটাল লেনদেন সেবা ব্যাহত হয়। এর ফলে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর গ্রাহকদের নানা ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
গ্রাহকদের স্বার্থ ও আর্থিক লেনদেনের ধারাবাহিকতা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এরই অংশ হিসেবে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের তলব করার পাশাপাশি অতি দ্রুত সব ধরনের সেবা স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে
তবে স্বস্তির বিষয় হলো, এনপিএসবি প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি যুক্ত বিভিন্ন ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান এবং অন্যান্য পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের স্বাভাবিক লেনদেন কার্যক্রম যথারীতি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক পরিচালিত বিএসিপিএস (BACPS), বিইএফটিএন (BEFTN) ও আরটিজিএস (RTGS)-সহ দেশের অন্যান্য পরিশোধ ব্যবস্থার কার্যক্রমও সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
এ পরিস্থিতিতে গ্রাহকদের সংশ্লিষ্ট ব্যাংকের নির্দেশনা অনুসরণ করার এবং প্রয়োজনে বিকল্প পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহারের অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
