×

বরিশাল

চরফ্যাশনের বনাঞ্চলে ফাঁদ পেতে হরিণ শিকার, বিভিন্ন ঘাট দিয়ে পাচার

Icon

এআর সোয়েব চৌধুরী, চরফ্যাশন (ভোলা)

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১১:২১ পিএম

চরফ্যাশনের বনাঞ্চলে ফাঁদ পেতে হরিণ শিকার, বিভিন্ন ঘাট দিয়ে পাচার

ছবি: সংগৃহীত

চরফ্যাশন উপজেলার উপকূলীয় বনাঞ্চলে বেপরোয়া হয়ে উঠেছে হরিণ শিকারি চক্র। বনের গভীরে ফাঁদ পেতে বন্য হরিণ শিকার এবং পরে বিভিন্ন নৌঘাট ব্যবহার করে মাংস পাচারের অভিযোগ উঠেছে সংঘবদ্ধ কয়েকটি চক্রের বিরুদ্ধে।

ঢালচর, চর নিজাম ও চর কুকরি-মুকরির বনাঞ্চলে এসব চক্রের তৎপরতা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। দীর্ঘদিন ধরে চলা এ অবৈধ কর্মকাণ্ডে উপকূলীয় বনের বন্যপ্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়ছে বলে আশঙ্কা করছেন পরিবেশকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে বনের নির্জন এলাকায় সক্রিয় হয় শিকারিরা। হরিণ শিকারের পর মাংস গোপনে লোকালয়ে নিয়ে আসা হয়। পরে সামরাজ মৎস্যঘাট, নতুন স্লুইসগেট ঘাট, পাঁচকপাট ঘাটসহ বিভিন্ন নৌঘাট ব্যবহার করে এসব মাংস অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। চরফ্যাশনের বাইরের বিভিন্ন এলাকাতেও হরিণের মাংস সরবরাহ করা হচ্ছে বলে দাবি স্থানীয়দের।

হরিণ শিকারের বিষয়টি নতুন নয়। ২০২৬ সালের জুন মাসেও চরফ্যাশনের পূর্ব ঢালচর এলাকায় সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে হরিণ শিকারের অভিযোগ ওঠে। হরিণ শিকার এবং প্রকাশ্যে মাংস রান্না করে খাওয়ার অভিযোগ তুলে স্থানীয়ভাবে উদ্বেগ প্রকাশের পাশাপাশি শিকারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

বন বিভাগের তথ্য অনুযায়ী জানা যায়, হরিণ শিকারের অভিযোগের মধ্যে ২০২৬ সালের আগস্টে চরফ্যাশনের কালকিনি চরের বনাঞ্চলে অভিযান চালিয়ে জবাই করা একটি পূর্ণবয়স্ক চিত্রা হরিণের মাংস ও চামড়া উদ্ধার করে বন বিভাগ। এছাড়াও গত ৪ আগস্ট চরফ্যাশন রেঞ্জের বিট কর্মকর্তা আব্বাস উদ্দিনের নেতৃত্বে বন বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়।

এ ঘটনায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী ৬ আগস্ট অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে চরফ্যাশন উপজেলা আদালতে মামলা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, শিকার করা হরিণের মাংস একত্র করে বিভিন্ন নৌপথে পরিবহন করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ঢালচর ইউনিয়নের এক বাসিন্দা জানান, বনের নির্জন এলাকায় রাতের আঁধারে ফাঁদ পেতে হরিণ শিকার করা হয়। পরে গোপনে লোকালয়ে এনে বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় এসব হরিণের মাংস। বিষয়টি স্থানীয় অনেকের জানা থাকলেও ভয়ে কেউ কেউ প্রকাশ্যে কথা বলতে চান না।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢালচর ইউনিয়নের এক ব্যবসায়ী বলেন,৫ আগস্ট-পরবর্তী সময়ে ঢালচরের বনের গভীরে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে হরিণ শিকারের সঙ্গে জড়িত। তারা ঢালচরের বন প্রায় নিঃস্ব করে ফেলেছে। আগে রাতে বনে বের হলে অসংখ্য হরিণ দেখা যেত। এখন সেই দৃশ্য অনেকটাই কমে গেছে। শুধু হরিণ নয়, চরের গবাদিপশুও এ চক্রের সদস্যরা ধরে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, শিকারিরা সাধারণত গভীর রাতে পূর্ব ঢালচরের বনে প্রবেশ করে হরিণ শিকার করে। পরে মাংস সংরক্ষণ করে একাধিক হরিণের মাংস একত্র করে বিভিন্ন ঘাট দিয়ে অন্যত্র পাঠায়। নতুন স্লুইসগেট ঘাট, সামরাজ মৎস্যঘাট ও পাঁচকপাট ঘাটসহ বিভিন্ন পয়েন্ট ব্যবহার করা হচ্ছে বলে জানান এ ব্যবসায়ী। এ ছাড়াও উলানিয়াসহ উপজেলার বাইরের বিভিন্ন এলাকাতেও মাংস পাচার করা হয় বলে জানান তিনি।

তার দাবি, ৫ আগস্টের পর থেকে এ চক্র হরিণের মাংস বিক্রি করে বিপুল অর্থ আয় করেছে। সময় ও পরিস্থিতি বিবেচনায় প্রতি কেজি হরিণের মাংস ৫০০ টাকা থেকে শুরু করে ২ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হয়। তিনি বলেন,এভাবে চলতে থাকলে ঢালচরের বন থেকে হরিণ একসময় হারিয়ে যাবে। এসব চক্রের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে ঢালচর ইউনিয়ন বন বিভাগের বিট কর্মকর্তা তোসাদ্দেক হোসেন বলেন, আমি নতুন যোগদান করেছি। বনে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাবেক ঢালচর ইউনিয়ন বিট কর্মকর্তা ও ভারপ্রাপ্ত চরফ্যাশন রেঞ্জ কর্মকর্তা মাইনুল ইসলাম বলেন, বন্যপ্রাণী শিকার ও পাচার প্রতিরোধে বন বিভাগ এর আগে অসাধু চক্রের কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। এ ছাড়া আদালতের নির্দেশে জব্দ করা হরিণের মাংস ও জবাই করা হরিণ মাটিচাপা দেওয়া হয়েছে। হরিণ শিকারের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বনাঞ্চলে নজরদারি বাড়ানো এবং অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ কমিটির সভাপতি সানজিদুল ইসলাম বলেন, উপকূলীয় বনাঞ্চল শুধু প্রাকৃতিক দুর্যোগ থেকে জনপদকে সুরক্ষা দেয় না, বরং অসংখ্য বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে হরিণ এই বনাঞ্চলের জীববৈচিত্র্যের অবিচ্ছেদ্য অংশ। অথচ অবৈধ শিকার ও মাংস পাচারের অভিযোগ অব্যাহত থাকলে প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, শিকারি চক্রের সদস্যদের শনাক্তকরণ, পাচারের অভিযোগ ওঠা নৌঘাটগুলোতে নজরদারি, নিয়মিত বন টহল এবং সমন্বিত অভিযান জোরদার করা জরুরি। তাদের মতে, এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে চরফ্যাশনের উপকূলীয় বনাঞ্চল থেকে হারিয়ে যেতে পারে বন্যপ্রাণীর অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ হরিণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ ৩ জন আটক

শাহজালাল বিমানবন্দরে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ ৩ জন আটক

শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

চরফ্যাশনের বনাঞ্চলে ফাঁদ পেতে হরিণ শিকার, বিভিন্ন ঘাট দিয়ে পাচার

চরফ্যাশনের বনাঞ্চলে ফাঁদ পেতে হরিণ শিকার, বিভিন্ন ঘাট দিয়ে পাচার

সহিংসতার সংস্কৃতি, মবের রাজনীতি: গণতন্ত্রের ভবিষ্যৎ কোথায়?

সহিংসতার সংস্কৃতি, মবের রাজনীতি: গণতন্ত্রের ভবিষ্যৎ কোথায়?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App