×

ময়মনসিংহ

সার্টিফিকেট বাণিজ্য বন্ধ, চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

Icon

খোরশেদ আলম, শেরপুর

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:০৯ পিএম

সার্টিফিকেট বাণিজ্য বন্ধ, চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

ফাইল ছবি

শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কথিত সার্টিফিকেট বাণিজ্য বন্ধ, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং হাসপাতাল ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে নেওয়া বিভিন্ন উদ্যোগে ক্ষুব্ধ হয়ে উঠেছে একটি স্বার্থান্বেষী মহল। এসব উদ্যোগে আর্থিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় কিছু ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও মধ্যস্বত্বভোগীরা হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৪ নভেম্বর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. এ এস এম মফিদুল ইসলাম যোগদানের পর চিকিৎসাসেবার মানোন্নয়ন ও ব্যবস্থাপনায় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। এরই মধ্যে চালু হয়েছে আল্ট্রাসনোগ্রাম, ডেন্টাল ইউনিট, কেবিন, প্রাথমিক চক্ষু পরীক্ষা ও আধুনিক প্যাথলজি সেবা। সংস্কার করা হয়েছে জরুরি বিভাগ। পাশাপাশি ওষুধ ও চিকিৎসাসামগ্রী সংরক্ষণ-বিতরণে অটোমেশন চালু এবং কথিত সার্টিফিকেট বাণিজ্য বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, আগে নিয়মিত আল্ট্রাসনোগ্রাম সেবা পাওয়া না গেলেও বর্তমানে প্রতিদিন ৩০ থেকে ৪০টি এবং মাসে ৪০০টির বেশি পরীক্ষা করা হচ্ছে। প্যাথলজি বিভাগে সেল কাউন্টার মেশিন যুক্ত হওয়ায় রক্ত পরীক্ষার কার্যক্রমে গতি এসেছে। এতে বিভাগের রাজস্ব আয় আগের তুলনায় প্রায় চার গুণ বেড়েছে। হাসপাতালের সামগ্রিক রাজস্ব আয়ও বেড়েছে তিন থেকে চার গুণ বলে দাবি কর্তৃপক্ষের।

সংশ্লিষ্টদের অভিযোগ, সরকারি হাসপাতালে পরীক্ষার সুযোগ বাড়ায় অনেক রোগীকে এখন আর বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে না। অন্যদিকে সার্টিফিকেট বাণিজ্য বন্ধ, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অবাধ বিচরণ নিয়ন্ত্রণ এবং চিকিৎসকদের দায়িত্ব পালনে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগে কিছু মধ্যস্বত্বভোগীর স্বার্থে আঘাত লেগেছে। এর জের ধরে চিকিৎসকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, ১৯৬৮ সালে ৩১ শয্যা নিয়ে প্রতিষ্ঠিত স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০০৮ সালে ৫০ শয্যায় উন্নীত হয়। তবে শয্যা বাড়লেও প্রয়োজনীয় জনবল বাড়েনি। প্রায় তিন লাখ মানুষের চিকিৎসাসেবার জন্য চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীর সংকট রয়েছে। পরিচ্ছন্নতাকর্মীর অভাবসহ নানা সীমাবদ্ধতার মধ্যেও হাসপাতাল কর্তৃপক্ষ সেবার পরিবেশ উন্নত করার চেষ্টা করছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম মফিদুল ইসলাম বলেন, জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সীমিত সামর্থ্যের মধ্যেও চিকিৎসাসেবার মানোন্নয়নে কাজ করছেন তাঁরা। তিনি অভিযোগ করেন, হাসপাতালের আগের নিয়ম পরিবর্তন করে অনিয়মের সুযোগ বন্ধ করায় স্বার্থান্বেষী মধ্যস্বত্বভোগীরা ক্ষুব্ধ হয়েছেন। এ কারণে তাঁকে এবং হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স ও কর্মচারীদের বিরুদ্ধে ফেসবুকে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এতে স্বাভাবিক চিকিৎসাসেবা পরিচালনাও ব্যাহত হচ্ছে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

স্থানীয়দের প্রত্যাশা, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের কারণে সরকারি হাসপাতালের চিকিৎসাসেবার উন্নয়ন বাধাগ্রস্ত হবে না। প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান আরও উন্নত করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সার্টিফিকেট বাণিজ্য বন্ধ, চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

সার্টিফিকেট বাণিজ্য বন্ধ, চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা

হরমুজ প্রণালিতে দুই ট্যাঙ্কারে হামলা

কুষ্টিয়ায় টানা বৃষ্টিতে ক্ষতির মুখে আমন ধান ও পেঁয়াজের বীজতলা

কুষ্টিয়ায় টানা বৃষ্টিতে ক্ষতির মুখে আমন ধান ও পেঁয়াজের বীজতলা

ববি ছাত্রদলে শুদ্ধি অভিযান, একসঙ্গে বহিষ্কার ১৩ নেতা

ববি ছাত্রদলে শুদ্ধি অভিযান, একসঙ্গে বহিষ্কার ১৩ নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App