সহিংসতার সংস্কৃতি, মবের রাজনীতি: গণতন্ত্রের ভবিষ্যৎ কোথায়?
ইজাজুল ইসলাম
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১১:১৯ পিএম
ছবি: এআই জেনারেটেড
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সহিংসতা দীর্ঘদিন ধরে এক উদ্বেগজনক বাস্তবতা হিসেবে বিরাজ করছে। ক্ষমতায় থাকা কিংবা ক্ষমতার বাইরে—বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন, ভয়ভীতি প্রদর্শন, হামলা, মামলা ও প্রতিশোধের রাজনীতি আমাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। কখনো রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার নামে, কখনো ক্ষমতা ধরে রাখার স্বার্থে, আবার কখনো অতীতের অন্যায়ের প্রতিশোধ নিতে গিয়ে সহিংসতাকে বৈধতা দেওয়ার চেষ্টা হয়েছে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাস-সহিংসতা এবং প্রতিশোধের নামে মব সহিংসতার বিস্তার নতুন করে প্রশ্ন তুলছে—আমরা কি গণতন্ত্রের পথে এগোচ্ছি, নাকি সহিংসতার একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করছি?
একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, সভা-সমাবেশ ও প্রতিবাদের অধিকার অবশ্যই থাকবে। কিন্তু এসব অধিকার প্রতিষ্ঠার নামে হত্যা, অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, সরকারি স্থাপনায় হামলা কিংবা সাধারণ মানুষের জীবন ও সম্পদের ক্ষতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একইভাবে অতীতের অন্যায়ের প্রতিশোধ নিতে গিয়ে বাড়িঘরে হামলা, ভাঙচুর, মারধর, অগ্নিসংযোগ কিংবা মব তৈরি করে কাউকে পুলিশের হাতে তুলে দেওয়াও ন্যায়বিচার হতে পারে না। এক পক্ষের সহিংসতা কখনো অন্য পক্ষের সহিংসতার বৈধতা তৈরি করে না।
নভেম্বরের মাঝামাঝি থেকে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ, সংঘর্ষ এবং সরকারি স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের সহিংসতা অন্তত ২২ থেকে ২৩টি জেলায় ছড়িয়ে পড়ে। পুলিশের তথ্য অনুযায়ী, ৭ থেকে ১৮ নভেম্বরের মধ্যে ৭৮টি ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনা শুধু আইনশৃঙ্খলার অবনতি নয়; সাধারণ মানুষের নিরাপত্তা, চলাচল, জীবিকা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কার্যকারিতার ওপরও সরাসরি আঘাত।
গোপালগঞ্জে পরিস্থিতি ছিল বিশেষভাবে উদ্বেগজনক। ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর আগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীদের মিছিলে পুলিশের যানবাহন ও পুলিশ বক্সে হামলা এবং জুলাই স্মৃতিস্তম্ভ ক্ষতিগ্রস্ত করার খবরও প্রকাশিত হয়। পরবর্তী সময়ে মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া এবং রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্য এস এম জিলানী, ড. কে এম বাবর ও সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের খবর এসেছে। একটি হাসপাতালে হামলা অগ্নিসংযোগের পর নবজাতক ও অস্ত্রোপচার-পরবর্তী রোগীদেরও নিরাপদে সরিয়ে নিতে হয়েছে।
এসব সহিংসতায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। নড়াইলে কৃষক দলের নেতা শাহিনুর শেখ ও জাসাস নেতা সোহেল মোল্লা হামলায় নিহত হন। ফরিদপুরের ভাঙ্গায় অবরোধের সময় দগ্ধ হয়ে কৃষক দলের নেতা রাজু মোল্লার মৃত্যু হয়। পিরোজপুরে বাসে আগুন দেওয়ার ঘটনায় ঘুমন্ত অবস্থায় বাসের সহকারী মোহাম্মদ সিয়াম পুড়ে মারা যান। এসব হত্যাকাণ্ডের দায় কার, তা নিরপেক্ষ তদন্তে নির্ধারিত হওয়া জরুরি। কিন্তু রাজনৈতিক পরিচয় যা-ই হোক, মানুষের জীবন কেড়ে নেওয়ার কোনো রাজনৈতিক বৈধতা নেই।
একই সময়ে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তি, তাঁদের বাড়িঘর, দলীয় কার্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মারধরের ঘটনাও ঘটেছে। ঢাকায় আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনের নেতাদের বাড়িতে হামলা, রাজশাহীতে সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ, বরিশালে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাড়িতে হামলা এবং সিরাজগঞ্জ ও কুমিল্লায় আওয়ামী লীগের কার্যালয় ও সাবেক সংসদ সদস্যদের বাড়িতে হামলার খবর প্রকাশিত হয়েছে। গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষায় ১০ থেকে ১৯ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে তাদের ৭২টি শাখা বা কার্যালয়ে হামলা কিংবা অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা নথিভুক্ত হয়েছে।
সাতক্ষীরার শ্যামনগরে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট দুই নেতাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগে চার কর্মকর্তাকে ছাত্রদলের কর্মীদের আটকে রাখার ঘটনা ঘটেছে । ঢাকায় আদালত প্রাঙ্গণ থেকে আইনজীবী শামীম আল সাইফুল সোহাগকে টেনে নিয়ে জনতার পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনাটি আরও গুরুতর। তাঁর বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের মামলায় অভিযোগ রয়েছে এবং আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। কিন্তু কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলেও আদালত প্রাঙ্গণে মবের মাধ্যমে তাঁকে অপদস্থ বা শারীরিকভাবে হেনস্তা করার অধিকার কারও নেই। অভিযোগের বিচার আদালতেই হতে হবে।
রাজনৈতিক পরিচয়ের কারণে পরিবারের অন্য সদস্যদের হয়রানি বা গ্রেফতারের অভিযোগও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। কক্সবাজারের উখিয়ায় আওয়ামী লীগ-সংশ্লিষ্ট এক নেতার পরিবারের দুই নারী—রোজিনা আক্তার ও ফারজানা হাকিম নিতু, তার ছয় বছরের শিশু ভাতিজি এবং তাঁর বৃদ্ধ বাবাকে গ্রেফতারের খবর প্রকাশিত হয়। পরে তাঁরা জামিনে মুক্তি পান। পুলিশ তাঁদের বিরুদ্ধে পুলিশকে আক্রমণ করে অভিযুক্ত ব্যক্তিকে পালাতে সহায়তার অভিযোগ এনেছিল। একইভাবে গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট এক নেতার পাঁচ আত্মীয়কে গ্রেফতার করা হয়, যাঁদের মধ্যে তিনজন নারী ছিলেন। তাঁদের বিরুদ্ধে রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগে মামলা হয়। এসব ঘটনায় পুলিশের বক্তব্য ও অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের বিচার আদালতেই হওয়া উচিত। তবে মৌলিক প্রশ্ন হলো—কোনো ব্যক্তির অপরাধের দায় কি তাঁর স্ত্রী, মা, বোন, সন্তান বা অন্য আত্মীয়ের ওপর চাপানো যায়? অপরাধের দায় ব্যক্তিগত। আত্মীয়তার সূত্রে কাউকে অপরাধী বানানো যায় না। কোনো পরিবারের সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ না থাকলে কেবল রাজনৈতিক সম্পর্কের কারণে তাঁকে গ্রেফতার বা হয়রানি করা আইনের শাসনের পরিপন্থী।
এ কথা অস্বীকার করার সুযোগ নেই যে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম, বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন, রাজনৈতিক মামলা ও বিরোধী মত দমনের বহু গুরুতর অভিযোগ ও তথ্য উঠে এসেছে। অধিকার (Odhikar)-এর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশে ২,৬৯৯টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং ৬৭৭টি গুমের ঘটনা নথিভুক্ত হয়েছে। অন্যদিকে, গুম কমিশন ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১,৫৬৯টি গুমের ঘটনা শনাক্ত করেছে। কমিশন আশঙ্কা প্রকাশ করেছে, প্রকৃত গুমের সংখ্যা শনাক্ত ঘটনার তুলনায় দুই থেকে তিন গুণ বা তারও বেশি। এই তথ্য রাষ্ট্রীয় নিপীড়নের ব্যাপ্তি এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে।
২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতাও ভুলে যাওয়ার নয়। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের অনুসন্ধানী প্রতিবেদনে ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে প্রায় ১,৪০০ মানুষের নিহত হওয়ার আশঙ্কার কথা বলা হয়েছে। এইচআরএসএসের পর্যবেক্ষণ অনুযায়ী, ওই আন্দোলনে অন্তত ৩০ হাজার মানুষ আহত হয়েছেন; তাঁদের মধ্যে অনেকে গুরুতর ও স্থায়ী শারীরিক ক্ষতির শিকার হয়েছেন। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিচার এবং ভুক্তভোগীদের প্রতিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যারা গুম, হত্যা, নির্যাতন, দুর্নীতি বা অন্য কোনো গুরুতর অপরাধে জড়িত, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। কিন্তু অতীতের অপরাধের বিচার করতে গিয়ে বর্তমান সময়ে নতুন করে অন্যায় করা যায় না। একজন অপরাধীর বিচার হতে হবে তাঁর নিজের অপরাধের প্রমাণের ভিত্তিতে; তাঁর রাজনৈতিক সহকর্মী, পরিবারের সদস্য বা আত্মীয়দের পরিচয়ের ভিত্তিতে নয়।
সহিংসতার সংস্কৃতি শুধু মানুষের জীবন ও সম্পদের ক্ষতি করে না; এটি রাজনৈতিক প্রতিষ্ঠান, বিচারব্যবস্থা, সামাজিক আস্থা এবং গণতান্ত্রিক মূল্যবোধকেও দুর্বল করে। যখন রাজনৈতিক বিরোধের সমাধান আলোচনার বদলে হামলা ও প্রতিশোধের মাধ্যমে খোঁজা হয়, তখন ভিন্নমত প্রকাশের জায়গা সংকুচিত হয়। যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী অভিযোগের ভিত্তিতে কাউকে আটক, অপদস্থ বা শাস্তি দেওয়ার ক্ষমতা নিজের হাতে তুলে নেয়, তখন আইনের শাসনের জায়গায় ভয়ের শাসন প্রতিষ্ঠিত হয়।
মবের রাজনীতি আরও বিপজ্জনক, কারণ এখানে অভিযোগ, তদন্ত, সাক্ষ্য, আত্মপক্ষ সমর্থন এবং বিচারিক প্রক্রিয়ার কোনো নিশ্চয়তা থাকে না। জনতার আবেগ, গুজব, রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত আক্রোশই অনেক সময় শাস্তির ভিত্তি হয়ে ওঠে। আজ যে ব্যক্তি রাজনৈতিক প্রতিপক্ষের পরিচয়ে মবের শিকার হচ্ছেন, কাল একই পদ্ধতিতে অন্য কোনো মতের মানুষও আক্রান্ত হতে পারেন। তাই মব সহিংসতা কোনো দলের একক সমস্যা নয়; এটি প্রত্যেক নাগরিকের নিরাপত্তা ও গণতন্ত্রের জন্য হুমকি।
বাংলাদেশের সংবিধানের ২৭ অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা, ৩১ অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভের অধিকার, ৩২ অনুচ্ছেদে জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার এবং ৩৫ অনুচ্ছেদে বিচার ও শাস্তি সম্পর্কে সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। ৩৭ অনুচ্ছেদে শান্তিপূর্ণ ও নিরস্ত্র সমাবেশের অধিকার এবং ৩৯ অনুচ্ছেদে চিন্তা, বিবেক ও মতপ্রকাশের স্বাধীনতা স্বীকৃত। সার্বজনীন মানবাধিকার ঘোষণার ৩, ৫, ৭, ৯, ১০ ও ১১ অনুচ্ছেদে জীবন, নির্যাতন থেকে সুরক্ষা, আইনের সমতা, নির্বিচার গ্রেফতার থেকে মুক্তি, ন্যায়বিচার এবং নির্দোষ বলে গণ্য হওয়ার নীতি প্রতিষ্ঠিত হয়েছে। নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তি (ICCPR)-এর ৬, ৭, ৯, ১৪, ১৯ ও ২১ অনুচ্ছেদেও এসব অধিকার সুরক্ষিত। বাংলাদেশ এই চুক্তির পক্ষভুক্ত রাষ্ট্র।
অতএব, রাজনৈতিক কর্মসূচির নামে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ, হত্যা বা সরকারি স্থাপনায় হামলা যেমন আইনের আওতায় আনতে হবে, তেমনি রাজনৈতিক প্রতিশোধের নামে মব সহিংসতা, বাড়িঘরে হামলা, মারধর ও বেআইনি আটকও বন্ধ করতে হবে। কোনো অপরাধের অভিযোগ থাকলে তদন্ত হবে, প্রমাণ উপস্থাপন করা হবে, অভিযুক্ত ব্যক্তি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন এবং আদালত বিচার করবেন। জনতা বা রাজনৈতিক দলের কর্মীরা বিচারকের ভূমিকা নিতে পারেন না।
গণতন্ত্রের শক্তি প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার মধ্যে নয়; বরং ভিন্নমতকে সহ্য করা, নাগরিকের অধিকার নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠার মধ্যে নিহিত। যে রাষ্ট্রে রাজনৈতিক পরিচয় মানুষের নিরাপত্তা নির্ধারণ করে, যেখানে জনতা বিচারকের ভূমিকা নেয় এবং প্রতিশোধকে ন্যায়বিচার হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা হয়, সেখানে গণতন্ত্র কখনোই শক্তিশালী হতে পারে না। বাংলাদেশের সামনে এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন—আমরা কি সহিংসতার সংস্কৃতি ও প্রতিশোধের রাজনীতি চালিয়ে যাব, নাকি মানবাধিকার, ন্যায়বিচার, ও আইনের শাসনের পথে এগোব?
বাংলাদেশের যে কোন রাজনৈতিক দল কিংবা যেকোনো রাজনৈতিক মতের মানুষ—সবার জীবন, মর্যাদা ও আইনি অধিকার সমানভাবে সুরক্ষিত থাকতে হবে। রাজনৈতিক পরিচয় অপরাধের প্রমাণ নয়; আবার রাজনৈতিক পরিচয় অপরাধের দায় থেকেও কাউকে মুক্তি দেয় না। রাষ্ট্রের দায়িত্ব কোনো রাজনৈতিক পক্ষের প্রতিশোধ বাস্তবায়ন করা নয়; বরং সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধীদের নিরপেক্ষ বিচারের আওতায় আনা এবং নিরপরাধ মানুষকে হয়রানি থেকে রক্ষা করা। রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব সহিংসতা ও মবকে প্রত্যাখ্যান করে গণতান্ত্রিক আচরণ, সহনশীলতা, মানবাধিকার, ন্যায়বিচার এবং আইনের শাসনের প্রতি অঙ্গীকারবদ্ধ হওয়া।
অপরাধীর বিচার হোক, নিরপরাধের নিরাপত্তা নিশ্চিত হোক। প্রতিশোধের রাজনীতি নয়—মানবাধিকার, আইনের শাসন ও শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থানই হোক বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের ভিত্তি।
লেখক: ইজাজুল ইসলাম, নির্বাহী পরিচালক, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)
তথ্যসূত্র:
* The Business Standard, 20 November 2026 — Violence, arson and arrests reported across Bangladesh.
* The Daily Star, 19 November 2026 — Security stepped up amid fears of fresh unrest.
* Dhaka Tribune, 18 November 2026 — Four killed as violence, arson spread ahead of Awami League lockdown.
* Odhikar — ২০০৯–২০২৩ সালের বিচারবহির্ভূত হত্যা ও গুমসংক্রান্ত পরিসংখ্যান।
* Commission of Inquiry on Enforced Disappearances — গুমসংক্রান্ত অনুসন্ধান ও প্রতিবেদন।
* OHCHR, 12 February 2025 — Human Rights Violations and Abuses related to the Protests of July and August 2024 in Bangladesh.
* বাংলাদেশের সংবিধান এবং International Covenant on Civil and Political Rights (ICCPR)।
