চট্রগ্রামে ট্রাকচালক হানিফ হত্যার প্রতিবাদে কুয়াকাটায় মানববন্ধন
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৩:০০ পিএম
ছবি: ভোরের কাগজ
পটুয়াখালীর কুয়াকাটায় ট্রাকচালক আবু হানিফ ফকির (৩২) কে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকাল ১০টায় কুয়াকাটা পৌর বাসস্ট্যান্ড এলাকায় পটুয়াখালী আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় শ্রমিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং নিহত হানিফ ফকিরের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। এসময় আবু হানিফ এর ঘাতক বিপ্লব কুমার মন্ডলকে গ্রেফতার করে শান্তি নিশ্চিত করার আহবান দাবি জানান পরিবার ও শ্রমিকরা নেতারা।
জানা গেছে, গত ৯ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আকবরশাহ থানাধীন বিএসআরএম ফ্যাক্টরীর সামনে (রেজিঃ নং-চট্ট-মেট্রো-ট-১১-৬৬৫০) নম্বর ট্রাকটি পার্কিং করে ঘুমাচ্ছিলো চালক আবু হানিফ ফকির। ভোর সাড়ে ৫টার দিকে তারই সহকারী (হেল্পার) বিপ্লব কুমার মন্ডল ঘুমন্ত অবস্থায় আবু হানিফকে ছুরিকাঘাত করে। নিশ্চিত মৃত্যু ভেবে পালিয়ে যায় হেলপার বিপ্লব মন্ডল। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবু হানিফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কয়েকদিন পর তিনি মারা যান। অভিযোগ রয়েছে, হত্যার পর বিপ্লব কুমার মন্ডল নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহত হানিফ ফকিরের বড় ভাই বেল্লাল ফকির বাদী হয়ে আকবর শাহ থানায় হেলপার বিপ্লব কুমার মন্ডল (১৯) কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। হত্যাকান্ডের পর গত সপ্তাহ পেরিয়ে গেলেও ঘাতক বিপ্লবকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
মানববন্ধনে শ্রমিক নেতারা দ্রুত হত্যাকারীকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানান। তারা বলেন, এ ধরনের নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক বিচার না হলে সমাজে অপরাধ আরও বৃদ্ধি পাবে।
মহিপুর থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর সিকদার বলেন, এই পরিবারটি এখন অসহায় ও নিঃস্ব। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, খুনিকে দ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করা হোক।
আলীপুর-কুয়াকাটা শ্রমিক কল্যান কর্ম সেবা সংস্থার সভাপতি খলিল মুসুল্লি বলেন, খুনি বিপ্লব মন্ডলকে অতি দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়। পাশাপাশি নিহতের স্ত্রী ও সন্তানের প্রতি সরকারের বিশেষ সহানুভূতি কামনা করছি।
মহিপুর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, খুনিকে দ্রুত গ্রেফতার করা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হব।
