এখনো সন্ধান মেলেনি মেঘনায় তলিয়ে যাওয়া দুই বন্ধুর
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম
ছবি: সংগৃহীত
ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নে নদীর পাড়ে ৫ বন্ধু মিলে বেড়াতে গিয়ে নদীর পাড় ধ্বসে পড়ে গেলে ৩ বন্ধু সাতরে তীরে আসতে পারলেও ২ জন নিখোঁজ রয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর শিবপুর ইউনিয়নের নদীর পাড় এলাকায় ‘গরীবের দুবাই’ নামে পরিচিত চায়না ইপিজেড বালুর মাঠে এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুজন হলেন-শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. বাবুলের ছেলে মো. রাকিব (২২) এবং ভোলার কালিবাড়ি রোড এলাকার মো. ইব্রাহিম ও বিবি মরিয়ম দম্পতির ছেলে ইনজামামুল হক ওরফে আমহাদ (২৮)। তিনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একজন সদস্য।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় পাঁচ বন্ধু নদীর পাড়ে বসে মোবাইলে গেম খেলছিলেন। একপর্যায়ে হঠাৎ নদীর পাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে তাঁদের বসার স্থানসহ পাঁচজনই নদীতে পড়ে যান। তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও রাকিব ও আমজাদ পানিতে তলিয়ে যান।
আরও পড়ুন: র্যাবের অবসান, আসছে এসআরবি
খবর পেয়ে ভোলা সদর ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড দক্ষিণ জোনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। রাতে প্রায় এক ঘণ্টা নদীতে তল্লাশি চালানো হলেও নিখোঁজ দুই বন্ধুর সন্ধান পাওয়া যায়নি। কোস্ট গার্ড দক্ষিণ জোন জানিয়েছে, রাত বেশি হওয়ায় উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর )সকাল ১০ টা থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করেছে উদ্ধারকারী দল। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পেরিয়ে গেলেও আমজাদ হোসেন (২৭) ও রাকিব আহমেদের (২২) সন্ধান এখনো মেলেনি।
এদিকে দুই বন্ধুর নিখোঁজ হওয়ার খবরে স্বজনরাসহ স্থানীয় জনগণ ঘটনাস্থলে ছুটে আসেন। সারারাতও নদীর পাড়ে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিলেন স্বজন ও স্থানীয় লোকজন। স্বজন ও স্থানীয় বাসিন্দারা নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত নিরবচ্ছিন্ন উদ্ধার অভিযান চালানোর জোর দাবি জানিয়েছেন।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র জানান, ঘটনাটি জানার পরপরই কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসকে দ্রুত উদ্ধার কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান আজও অব্যাহত রয়েছে।
