রাজকীয় দামে বিক্রি হলো রাজা ইলিশ
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে সোহরাফ গাজীর জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ইলিশ। যা নিলামে ৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর ) সকাল ৯ টার দিকে কুয়াকাটা মৎস্য আড়তে বিক্রির জন্য নিয়ে আসলে মাছটি নিলামে কুয়াকাটা মা মনি ফিসের ম্যানেজার মিজান মাছটি কিনে নেন। এর আগে গত বুধবার(১৫ সেপ্টেম্বর) বঙ্গোপসাগরের পায়রা বন্দর সংলগ্ন পাইপ বয়ার গভীরে মাছটি ধরা পড়ে।
জেলে সোহরাফ গাজী বলেন, বঙ্গোপসাগরে গভীরে গিয়ে আমি ১০ বছর ধরে ইলিশ মাছ ধরি। এত বড় ইলিশ খুবই কম ধরা পরেছে জালে। এবার জাল তুলতেই অন্যান্য মাছের সাথে এই ইলিশ মাছটি উঠে আসে। ডাকের মাধ্যমে ১ লাখ ৪৫ হাজার টাকা মণ দরে প্রতি কেজি ৭ হাজার ২০০ টাকায় মাছটি বিক্রি হয়েছে।সচারাচর এত বড় ইলিশ পাওয়া যায় না। দীর্ঘ ৭ বছী পড় এত বড় মাছ পেলাম। আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি।
মাছটি কিনে নেওয়া কুয়াকাটা মা মনি ফিসের ম্যানেজার মিজান বলেন, এতবড় মাছ এই বাজারে এখন খুব কম দেখা মেলে তাই আমি নিলামের মাধ্যমে মাছটি ক্রয় করে শরীয়তপুরের এক প্রবাসীর ভাইয়ের বাসায় পাঠাবো। এসকল মাছ পেলে আড়তদার সহ জেলেরা সবাই আমরা লাভবান হতে পারি।
আরো পড়ুন: ছুটি ছাড়াই কানাডা ভ্রমণ, কর্মস্থলে অনুপস্থিত সরকারি চিকিৎসক
স্থানীয় বাসিন্দা জামাল ঘরামি বলেন, ৩-৪ হাজার টাকা কেজি দরে ইলিশ কখনোই আমাদের মতো নিম্ন আয়ের মানুষের পক্ষে কেনা সম্ভব নয়। আগে বছরে অন্তত একবার ঘরে ইলিশ উঠত, এখন সেটা স্বপ্ন হয়ে গেছে।
পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. রাজীব সরকার বলেন, ছোট ইলিশের অযাচিত আহরণ, নদীতে পানি কমে যাওয়া, বাঁধ ও স্লুইস গেটের কারণে মাছের অভিবাসনে বাধা, অবৈধ জাল ব্যবহার ও সহ-ব্যবস্থাপনা কমিটির অভাবের ফলে বড় ইলিশের সংখ্যা কমছে। এছাড়া পানি দূষণ, প্ল্যাংকটনের ঘাটতি, জলবায়ু ও লবণাক্ততার পরিবর্তন ইলিশের প্রজনন ও খাদ্য সরবরাহে প্রভাব ফেলছে, যা বড় ইলিশের সংখ্যা কমার মূল কারণ।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, এটি অত্যন্ত ভালো খবর। এটি নিষেধাজ্ঞার সুফলও বলা যায়। বড় ইলিশে ফ্যাট বেশি থাকায় এতে ওমেগা-৩ ও ভিটামিন থাকে, যা হৃদ্রোগ, চোখের সমস্যা ও মস্তিষ্কের জন্য উপকারী। জালের প্রশস্ততা বাড়ালে এমন সাইজের মাছ বেশি ধরা পড়বে।
