ছুটি ছাড়াই কানাডা ভ্রমণ, কর্মস্থলে অনুপস্থিত সরকারি চিকিৎসক
নজরুল ইসলাম, সিলেট প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
কোনো অনুমতি বা ছুটি না নিয়েই প্রায় সাড়ে তিন মাস ধরে কানাডায় অবস্থান করছেন বলে অভিযোগ উঠেছে সিলেটের ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের বিরুদ্ধে।
অভিযুক্ত চিকিৎসকের নাম ডা. শাহিনুর রহমান। তিনি ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে সিলেটের সিভিল সার্জনের কার্যালয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডা. শাহিনুর রহমান এর আগে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে সিলেটের সিভিল সার্জনের আদেশে তাকে সংযুক্তি (অ্যাটাচমেন্ট) হিসেবে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার পদে পদায়ন করা হয়। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর তিনি ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন।
আরো পড়ুন: সীমান্তে বিপুল ভারতীয় পণ্য আটক করল বিজিবি
হাসপাতালে প্রায় আট মাস দায়িত্ব পালনের পর চলতি বছরের ১ জুন কোনো অনুমতি বা ছুটি না নিয়েই তিনি কানাডায় চলে যান বলে সংশ্লিষ্টরা জানান। এরপর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন বলে জানা গেছে।
ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুল আহসান বলেন, “ডা. শাহিনুর রহমান হাসপাতালে কাজে যোগদান না করায় তাকে কাজে যোগদানের জন্য শোকজ করা হয়েছিল। এরপরও তিনি কাজে যোগদান না করায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেডিকেল অফিসার হিসেবে তার সংযুক্তি বাতিল করা হয়েছে।”
সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন বলেন, “ডা. শাহিনুর রহমান অনুমোদিত ছুটি ছাড়াই বিদেশে অবস্থান করছেন। তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে।”
এদিকে, সরকারি দায়িত্বে থাকা একজন চিকিৎসকের দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার ঘটনায় সংশ্লিষ্টদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে।
