রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে বিএনপির বৈঠক আজ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৮:৩৬ এএম
ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মনোনয়ন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক নানা বিষয় নিয়ে আজ (১ আগস্ট) সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। দলীয় সূত্র বলছে, বৈঠকের মূল আলোচ্য বিষয় হতে পারে নতুন রাষ্ট্রপতি নির্বাচন।
বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, চলতি আগস্টের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ কারণে দলটির পক্ষ থেকে কাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে বিস্তারিত আলোচনা হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর ছেড়ে দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন দলটির শীর্ষ নেতারা।
এর আগে গত ২৬ জুলাই বগুড়ায় এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতি পদে দলীয় না নির্দলীয় প্রার্থী দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় স্থায়ী কমিটি। সংবিধান ও আইন অনুযায়ী দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।
আরো পড়ুন : দলীয়কর্মীকে গুলি: ফেনীতে বিএনপি নেতা আলমগীর গ্রেপ্তার
যদিও সম্ভাব্য প্রার্থী নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি বিএনপির জ্যেষ্ঠ নেতারা। তবে দলীয় অন্দরে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। দীর্ঘদিন দলের নেতৃত্বে থাকা, রাজনৈতিক সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং দলীয় ও জাতীয় পর্যায়ে গ্রহণযোগ্য ভাবমূর্তির কারণে তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রাখা হচ্ছে।
এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান এবং নজরুল ইসলাম খানের নামও সম্ভাব্য প্রার্থীর তালিকায় আলোচনা হচ্ছে।
দলটির নীতিনির্ধারকদের মতে, রাষ্ট্রপতির পদ কেবল আনুষ্ঠানিক নয়, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা এবং বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনায় এ পদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই প্রার্থী নির্বাচনেও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি।
গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধানে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।
দলীয় সূত্র আরো জানিয়েছে, বিএনপির ঘোষিত ৩১ দফা কিংবা জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচনের যে বিকল্প পদ্ধতির প্রস্তাব ছিল, তা এবার কার্যকর হচ্ছে না। ফলে বিদ্যমান সাংবিধানিক বিধান অনুযায়ী সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত প্রার্থীর নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাও জোরালো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি এবং বিভিন্ন স্থানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সংঘর্ষের প্রেক্ষাপটে সাংগঠনিক কর্মকৌশল নিয়েও আলোচনা হতে পারে।
