মির্জা ফখরুলের আসনে নির্বাচনের ঘোষণা হিরো আলমের
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:০৫ পিএম
ছবি: সংগৃহীত
দেশের রাজনীতির মাঠে নতুন করে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।
বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন তিনি। তার এই ঘোষণাকে কেন্দ্র করে শূন্য আসনটির সম্ভাব্য নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন জল্পনা-কল্পনা।
রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মন্ত্রীত্ব ও দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন বলে উল্লেখ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর) আসনটি শূন্য হয়েছে। ফলে আসনটিতে উপনির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার কথা রয়েছে।
এই আসনে প্রার্থী হওয়ার সিদ্ধান্তের বিষয়ে হিরো আলম বলেন, ‘এর আগে তিনি সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে মির্জা ফখরুলের আসনটি শূন্য হওয়ার পর তাঁর এলাকার মানুষের পরামর্শে উত্তরাঞ্চলে থেকেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’
আরো পড়ুন: ৯ তলায় রূপান্তর হবে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
হিরো আলম বলেন, ‘আমি জানতাম না মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আসনটি শূন্য হবে। জানলে সাতক্ষীরায় প্রার্থী হওয়ার ঘোষণা দিতাম না। এলাকার মানুষ বলছেন, আমি বগুড়ার ছেলে, তাই উত্তরাঞ্চলেই থাকা উচিত। সেই কারণেই ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরো জানিয়েছেন, কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নিতে চান।
তবে এখনো উপনির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাইসহ আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হয়নি। তাই নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া শেষ হওয়ার পরই তাঁর প্রার্থিতা চূড়ান্ত হবে।
