ছাত্রদল নেতার বাসায় মিলল বিপুল বিদেশি মদ, গ্রেপ্তার ২
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে ক্রেতা সেজে আবু শাকিল সাগর নামে এক ছাত্রদল নেতার বাসায় অভিযান চালিয়ে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ওই ছাত্রদল নেতা পালিয়ে গেলেও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ ও গণমাধ্যম) আমিনুর রশীদ।
গ্রেপ্তারকৃতরা হলেন- পুষ্পেন ব্যানার্জি ও শামসুল ইসলাম। এ ঘটনায় আবু শাকিল সাগরও জড়িত বলে জানা গেছে। তিনি বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। সাগর বন্দর থানার মধ্যম গোসাইলডাঙ্গার কে. বি. দোভাষ লেনের সিদ্দিক ড্রাইভারের বাড়ির স্থায়ী বাসিন্দা। ঘটনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।
আরো পড়ুন: গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের আলোচিত যে ৬ রায়
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর নিজ এলাকায় মোহাম্মদ আবু শাকিল সাগরের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ ওঠে। নির্মাণাধীন ভবনে চাঁদা দাবি এবং তা দিতে অস্বীকৃতি জানালে মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ করেছেন স্থানীয়রা।
আমিনুর রশীদ বলেন, ডিবি সদস্যরা ক্রেতা সেজে বিদেশি মদ কিনতে চাইলে গ্রেপ্তার দু’জন তাদেরকে আবু শাকিল সাগরের বাসায় নিয়ে যায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সাগর পালিয়ে গেলেও তার ঘর তল্লাশি করে ৭০ বোতল বিদেশি মদ পাওয়া যায়।
