×

বিএনপি

রুমিন ফারহানাকে ইঙ্গিত করে যা বললেন হুইপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পিএম

রুমিন ফারহানাকে ইঙ্গিত করে যা বললেন হুইপ

ছবি : সংগৃহীত

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সংসদীয় বক্তব্যকে ইঙ্গিত করে জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, সংসদে কথা বলার সময় এমনভাবে বক্তব্য দেওয়া উচিত নয়, যাতে অন্য কেউ আঘাতপ্রাপ্ত হন। একই সঙ্গে বক্তব্য অশালীন না হওয়ার বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে মাদক, দুর্নীতি, আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হুইপ বলেন, “আমি যখন কথা বলব, তখন লক্ষ্য রাখতে হবে যেন আমার কথায় অন্য কেউ আঘাতপ্রাপ্ত না হয়। আমি যেমন যেকোনো কথাই বলতে পারব, আবার মনে রাখতে হবে আমার বক্তব্য যেন অশালীন না হয়। সেরকম কথা মাঝে-মধ্যে হয় সংসদে, হয় না যে এরকম না।”

এর আগে সংসদে সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের প্রতিবাদে শনিবার (১২ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপি।

ওই কর্মসূচি প্রসঙ্গে হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, রুমিন ফারহানার বক্তব্যে কেউ সংক্ষুব্ধ বা আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে বিরোধীদলীয় নেতা ১০ সেপ্টেম্বর বক্তব্য দিয়েছেন এবং সংসদ নেতাও বক্তব্য রেখেছেন। সংসদ নেতা সবাইকে সহ্য করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, গণতন্ত্রের নামই হলো ধৈর্য। নেতা যখন ধৈর্য ধরতে বলেছেন, তখন যারা সংক্ষুব্ধ হয়েছেন তাদেরও ধৈর্য রাখা উচিত। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

দেশের জ্বালানি সংকট প্রসঙ্গে হুইপ বলেন, বর্তমানে জাতীয়ভাবেই গ্যাস ও বিদ্যুতের সংকট রয়েছে। আগের সরকারের সময়ে বিদ্যুৎ উৎপাদন নিয়ে নানা আয়োজন ও ব্যয়ের কথা তুলে ধরে এখন আর লাভ নেই। বরং বর্তমান সংকট থেকে উত্তরণের পথ বের করতে হবে।

তিনি বলেন, “এই যে সংকট, সেটা জনগণকে আমরা বলে দিতে চাই। এই সংকট উত্তরণের পথ বের করতে হবে। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।”

মাদকের ভয়াবহ বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন হুইপ। তিনি বলেন, সুপরিকল্পিতভাবে দেশে মাদক আনা হচ্ছে এবং ঘরে ঘরে এর প্রভাব পড়ছে। এ অবস্থা থেকে জাতিকে রক্ষা করতে হবে।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন এবং জেলা বিএনপির সহসভাপতি এবিএম মোমিনুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেলের গেজেট নিয়ে সর্বশেষ যা জানা গেল

পে স্কেলের গেজেট নিয়ে সর্বশেষ যা জানা গেল

বেসরকারি চাকরিজীবীদের সার্ভিস রুলস নিয়ে সর্বশেষ যা জানা গেল

বেসরকারি চাকরিজীবীদের সার্ভিস রুলস নিয়ে সর্বশেষ যা জানা গেল

দুই সপ্তাহেও পে স্কেলের গেজেট নয়, বাড়ছে উদ্বেগ

দুই সপ্তাহেও পে স্কেলের গেজেট নয়, বাড়ছে উদ্বেগ

অনুমোদন মিলেছে, তবু পে-স্কেলের গেজেট হচ্ছে না কেন?

অনুমোদন মিলেছে, তবু পে-স্কেলের গেজেট হচ্ছে না কেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App