ডিএনসিসি প্রশাসক
নগরবাসীর চলাচলে ফুটপাত দখলমুক্ত অভিযান অব্যাহত থাকবে
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেছেন, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, ‘অবৈধভাবে কাউকে ফুটপাত দখল করতে দেওয়া হবে না। উচ্ছেদ অভিযানে বাধা দেওয়া, হামলা ও অরাজকতা সৃষ্টির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর এলাকায় উচ্ছেদ অভিযান চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, ‘নগরবাসীর সুবিধা নিশ্চিত করতে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে আজও মিরপুর-১০ এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়। এ সময় দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে রাখা ব্যক্তিরা এবং তাদের ইন্ধনে সিটি কর্পোরেশনের পরিবহন, সাংবাদিক ও কয়েকজন পুলিশ কর্মকর্তার ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পরে স্থানীয় সাধারণ জনগণের প্রতিরোধের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়েছে।’
তিনি বলেন, ‘আমি স্পষ্টভাবে ঘোষণা করছি, নগরসেবার জন্য আমার প্রিয় নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত উদ্ধারের যে কর্মসূচি রয়েছে, তা চলমান থাকবে।’
অভিযানে বাধা ও হামলার ঘটনায় মামলা করার কথা জানিয়ে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ‘যারা এ অরাজকতার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মামলা হবে। ডিএনসিসির পক্ষ থেকেও মামলা করা হবে। তদন্ত করে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে।’
আরো পড়ুন: আওয়ামী লীগের উপজেলা সভাপতিসহ আটক ১৪
তিনি বলেন, ‘অবৈধভাবে কাউকে এখানে ফুটপাত দখল করতে দেব না। আজকে প্রমাণ হয়েছে মিরপুরের সাধারণ জনগণ ফুটপাত দখলমুক্ত চায়।’
এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কারও ইন্ধনে আবার ফুটপাত দখলের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মিরপুরবাসীর সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। জনগণের চাহিদা অনুযায়ী সিটি কর্পোরেশন এসব কার্যক্রম পরিচালনা করছে। এটি সিটি কর্পোরেশনের নৈতিক দায়িত্ব। দায়িত্ববোধ থেকেই অভিযান অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘মিরপুর-১০ গোলচত্বর ও ফুটওভারব্রিজ এলাকায় উচ্ছেদ অভিযান শেষে সেখানে গাছ লাগানো হয়েছে, যাতে জনগণ স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে পারেন। একইভাবে আজকের উচ্ছেদ করা জায়গাতেও পরিকল্পনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।’
উচ্ছেদ অভিযানে সহযোগিতা করায় স্থানীয় সাধারণ মানুষকে ধন্যবাদ জানান ডিএনসিসি প্রশাসক। একইসঙ্গে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আজকে সাংবাদিক বন্ধুরা আপনারা নির্যাতিত হয়েছেন। আপনারা দেখেছেন, নগরবাসীর সেবার জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রতিনিয়ত এই উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালনা করছে। আপনাদের পাশে আছে। আপনারা জনগণের কাতার থেকে এই উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করবেন।’
উচ্ছেদ অভিযানের সময় পুলিশ সদস্যদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ‘অভিযানের জন্য পুলিশ আসার কথা থাকলেও সেখানে একজন পুলিশ সদস্যকেও পাওয়া যায়নি। এরপরও নিয়ম অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে।’
তার অভিযোগ, ‘হামলাকারীরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।’
