×

বিএনপি

সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫১ পিএম

সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী

ছবি : সংগৃহীত

নির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই অনিয়মের অভিযোগ তুলে জামায়াতে ইসলামী একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ডেমরার নবী টাওয়ারে বিএনপির প্রয়াত নেতা ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং সাবেক কাউন্সিলর বাদল সরদারের স্মরণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা-৫ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রিজভী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ বা কারও নাম উল্লেখ না করেই নির্বাচনের শেষ মুহূর্তে মনগড়া অনিয়মের অভিযোগ তোলা হচ্ছে। তার ভাষ্য, উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনকে মানুষের কাছে হেয়প্রতিপন্ন করাই এসব অভিযোগের লক্ষ্য। তবে জনগণ সচেতন, অপপ্রচার চালিয়ে জামায়াত সফল হতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন সন্তুষ্ট বলেও জানান তিনি।

অনুষ্ঠানে প্রয়াত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণা করেন রিজভী। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে সালাহউদ্দিন আহমেদ ছিলেন আপসহীন ও আদর্শবান সিপাহসালার।

রিজভীর অভিযোগ, শত শত ভুয়া মামলা, রিমান্ডে শারীরিক ও মানসিক নির্যাতন এবং কারাবাসের কারণে সালাহউদ্দিন আহমেদের স্বাস্থ্যের অবনতি হয়েছিল। চিকিৎসাবঞ্চিত করে তাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, শুধু সালাহউদ্দিন আহমেদ নন, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ বহু নেতা-কর্মীকে পরিকল্পিতভাবে নিপীড়ন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-৫ সংসদীয় আসনের প্রধান সমন্বয়কারী নবীউল্লাহ নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।

এ সময় বিএনপির স্বেচ্ছাসেবাবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি জাহিদুর রহমান, ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়ালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে প্রয়াত দুই নেতা সালাহউদ্দিন আহমেদ ও বাদল সরদারের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারি বাসা থেকে শনিবারের মধ্যে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ

সরকারি বাসা থেকে শনিবারের মধ্যে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ

বিরোধী জোটে যাওয়ার পরিকল্পনা ইউটিজের, চাপে নেতানিয়াহু

বিরোধী জোটে যাওয়ার পরিকল্পনা ইউটিজের, চাপে নেতানিয়াহু

সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী

সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী

নতুন পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন না যারা

নতুন পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন না যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App