বিরোধী জোটে যাওয়ার পরিকল্পনা ইউটিজের, চাপে নেতানিয়াহু
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৪ পিএম
ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের শরিক দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) বিরোধী জোটের সঙ্গে রাজনৈতিক সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখছে। বিরোধী জোটের নেতা গাদি আইজেনকটের সঙ্গে যোগাযোগের আগ্রহ প্রকাশ করেছেন দলটির নেতারা। এতে নির্বাচনের পর সরকার গঠনের সমীকরণে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।
গত মঙ্গলবার ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা চলাকালে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, ৯৬ দশমিক ১ শতাংশ ভোট গণনা শেষে প্রাপ্ত হিসাব অনুযায়ী, নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি, গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোট ৪৮টি এবং আরব দলগুলো ১৯টি আসন পেতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর লিকুদ পার্টি এককভাবে ২৭টি আসন পেতে যাচ্ছে। তাঁর জোটের শরিক ইউটিজে পেতে পারে সাতটি আসন। এ ছাড়া ইতামার বেন গভিরের ওৎমা ইহুদিত সাতটি, আরিয়েহ দেরির শাস ছয়টি এবং বেজালেল স্মোত্রিচের রিলিজিয়াস জায়োনিস্ট পার্টি ছয়টি আসন পেতে পারে।
এ হিসাবে লিকুদ পার্টির পর নেতানিয়াহুর জোটের দ্বিতীয় বৃহত্তম দল ইউটিজে। দলটির বিরোধী শিবিরের সঙ্গে সমঝোতার আগ্রহ তাই সরকার গঠনের হিসাব-নিকাশে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, চ্যানেল ১৩ বৃহস্পতিবার জানিয়েছে, নির্বাচনের পর ইউটিজের নেতারা গাদি আইজেনকটের সঙ্গে রাজনৈতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে আগ্রহী।
প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনের এক্সিট পোল প্রকাশের পর থেকে ইউটিজের একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছে চ্যানেল ১৩। দলটির নেতারা জানিয়েছেন, তাঁরা আইজেনকটের ফোনকলের অপেক্ষায় রয়েছেন। দুই পক্ষের মধ্যে মতপার্থক্য থাকলেও রাজনৈতিক সহযোগিতার সম্ভাবনা যাচাই করতে তাঁরা প্রস্তুত।
তবে চ্যানেল ১৩ জানিয়েছে, আইজেনকট এখনো ইউটিজের সঙ্গে যোগাযোগ করেননি। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর আস্থার অভাব থেকেই ইউটিজের নেতারা বিরোধী জোটের সঙ্গে সহযোগিতার বিষয়ে আগ্রহী হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জেরুজালেম পোস্টের হিসাব অনুযায়ী, গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটে তাঁর দল ইয়াশার ২১টি আসন পেতে পারে। এ ছাড়া বি’ইয়াসাদ ১২টি, দ্য ডেমোক্র্যাটস আটটি এবং ইয়াসরায়েল বেইতেইনু সাতটি আসন পেতে পারে।
অন্যদিকে আরব দলগুলোর মধ্যে জয়েন্ট লিস্ট ১২টি এবং মনসুর আব্বাসের দল রাআম আটটি আসন পেতে পারে।
এ অবস্থায় কোন পক্ষ কীভাবে সরকার গঠন করবে, তা এখনো স্পষ্ট নয়। নেতানিয়াহুবিরোধী শিবির সরকার গঠনের জন্য আরব দলগুলোর সঙ্গে জোট করবে কি না, সে বিষয়েও পরিষ্কার অবস্থান জানায়নি। এমন পরিস্থিতিতে উদারপন্থী ইহুদিরা বিরোধী দলগুলোকে আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের আহ্বান জানিয়েছেন।
বিশ্লেষকদের মতে, এখনো ‘ডাবল এনভেলপ’ পদ্ধতির প্রায় ৪ লাখ ৩০ হাজার থেকে ৪ লাখ ৮০ হাজার বিশেষ ব্যালট গণনা বাকি রয়েছে। এসব ভোট গণনার পর আসনসংখ্যার হিসাব বদলে যেতে পারে।
সেনাসদস্য, কারাবন্দী ও কূটনীতিকদের ভোট নিয়ে তৈরি এই ব্যালটগুলোর ফলাফলে এক বা দুটি আসনের ব্যবধানও সরকার গঠনের দর-কষাকষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে চূড়ান্ত ফলাফল প্রকাশের আগে ইসরায়েলে পরবর্তী সরকার গঠনের সমীকরণ অনিশ্চিতই থাকছে।
