ঢাবিতে ভর্তি হওয়া উচিত নয়: ফজলুর রহমান
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০১:২৮ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিবেশ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। বিশ্ববিদ্যালয়টিকে ‘অমানুষদের জায়গা’ ও ‘সিনিয়র মাদরাসা’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, এখানে কারও ভর্তি হওয়া উচিত নয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষকতা করার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ফজলুর রহমান।
বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীত ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, একসময় এই প্রতিষ্ঠান শিক্ষা, মুক্তচিন্তা ও সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ১৯২৭, ১৯২৮, ১৯২৯ ও ১৯৩০-এর দশকে আবুল হোসেন, কাজী মোতাহের হোসেনসহ মুসলিম সাহিত্য সমাজের লেখক ও বুদ্ধিজীবীদের বিকাশে বিশ্ববিদ্যালয়টির ভূমিকা ছিল।
এ ছাড়া জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক, অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী, নীলিমা ইব্রাহিম, আহমদ শরীফ, হুমায়ুন আজাদ ও হুমায়ূন আহমেদের মতো বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতিবিজড়িত এই বিদ্যাপীঠের বর্তমান অবস্থা নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি।
ফজলুর রহমান বলেন, একসময় মুক্তচিন্তার কেন্দ্র হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় এখন বদলে গেছে। ক্যাম্পাসে গোলাম আযম ও মতিউর রহমান নিজামীর ছবি টাঙানোর প্রসঙ্গ তুলে তিনি বিশ্ববিদ্যালয়টিকে ‘স্বাধীনতাবিরোধী ও অমানুষদের কারখানা’ বলে মন্তব্য করেন।
তিনি বলেন, ‘কিসের লেখাপড়া? এখানে তো কারও ভর্তি হওয়া উচিত নয়। এটা তো মাদরাসা, এটা একটা সিনিয়র মাদরাসা। অমানুষদের জায়গা হয়েছে এটা। কী দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে?’
