শূন্যপাশ শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে যা জানালেন শিক্ষামন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০১:০৬ পিএম
ছবি ; সংগৃহীত
শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এসব প্রতিষ্ঠানকে কীভাবে সংশোধন করা যায়, তা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ভাবছে। প্রয়োজনে পাশের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করার বিষয়টিও বিবেচনা করা হবে। তবে এ কারণে সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরি যাবে না বলে জানিয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, গত এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের পর ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছিলেন। এবারও খাতা পুনর্নিরীক্ষণ করা হবে। কেউ যেন মূল্যায়নের ক্ষেত্রে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে আগামী দিনগুলোতে কাজ করা হবে।
এবারের ফলাফল সন্তোষজনক হয়নি উল্লেখ করে তিনি বলেন, ফলাফলের উন্নয়নে শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা
এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, কত দিনের মধ্যে পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের জন্য ভালো হবে, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ক্ষেত্রে এক মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
এবার পাসের হার কমে যাওয়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, এবার ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এসব শিক্ষার্থীর উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
