লন্ডনে কার সাথে ফ্রেমবন্দি হলেন শাহরুখপুত্র আরিয়ান?
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৫:১৭ পিএম
ছবি: সংগৃহীত
বলিউড বাদশাহ শাহরুখ খানের জ্যেষ্ঠ পুত্র আরিয়ান খানের সম্প্রতি লন্ডনের রাস্তায় এক রহস্যময় নারীর সাথে ঘোরাঘুরির কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই এই নতুন গুঞ্জনের ডালপালা মেলেছে। ছবি ও ভিডিওগুলোতে আরিয়ানের পাশে থাকা সেই নারীকে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ইতোমধ্যে উদীয়মান শিল্পী ভিনি তাকাইর হিসেবে চিহ্নিত করেছেন।
নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায়, লন্ডনের একটি অভিজাত ক্যাসিনো থেকে সাধারণ ক্যাজুয়াল পোশাকে বেরিয়ে আসছেন আরিয়ান খান। ঠিক তার পাশেই পুরোপুরি কালো পোশাকে হাঁটছিলেন ভিনি তাকাইর। এই ছবিগুলো প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে কৌতূহল তুঙ্গে ওঠে— তবে কি তারা নিছকই বন্ধু, নাকি সম্পর্ক গড়িয়েছে ভালোবাসায়?
রহস্য আরও ঘনীভূত হয় যখন ছবিগুলো ভাইরাল হওয়ার পরপরই ভিনি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লন্ডনের কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, লন্ডন, আই লাভ ইউ। এছাড়া ইনস্টাগ্রামে আরিয়ান ও ভিনি পরস্পরকে ফলো করেন। তবে প্রেমের এই গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত আরিয়ান বা ভিনি কেউই সরাসরি কোনো মন্তব্য করেননি।
আরও পড়ুন: এবার কঙ্গনাকে এক হাত নিলেন সোনু সুদ
ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই কিছুটা অন্তরালে থাকতে পছন্দ করেন আরিয়ান খান। তাসত্ত্বেও এর আগেও একাধিকবার তার প্রেম নিয়ে বিনোদন পাড়ায় আলোচনা হয়েছে।
এর আগে ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী ল্যারিসা বোনেসির সাথে আরিয়ানের প্রেমের খবর চাউর হয়েছিল। ল্যারিসাকে আরিয়ানের ফ্যাশন ব্র্যান্ড ‘ডি-য়া-ভোল এক্স’-এর বিজ্ঞাপনে দেখা গিয়েছিল এবং আরিয়ানের পরিচালিত বহুল আলোচিত সিরিজ ‘দ্য বাডস অফ বলিউড’-এর প্রিমিয়ারেও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
এবার ভিনির সাথে লন্ডনের এই ডেটিং দৃশ্য আরিয়ানের নতুন সম্পর্কের বার্তা দিচ্ছে কি না, তা সময়ই বলে দেবে।
