সিনেমা থেকে বাদ পড়ার অদ্ভুত কারণ জানালেন অভিনেত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পিএম
ছবি: সংগৃহীত
চলচ্চিত্রে অভিনয়ের কথা চূড়ান্ত হওয়ার পরও আকস্মিক বাদ পড়ার মতো তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। শুটিংয়ের তারিখ দেওয়ার পরও তাঁকে কেন বাদ দেওয়া হয়েছিল, তার কোনো স্পষ্ট ব্যাখ্যা না মিললেও পরবর্তীতে এর পেছনের যে কারণটি তাঁর কানে আসে, তা তাঁকে অবাক করেছিল।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলিউডের এমন কিছু অস্বস্তিকর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অভিনেত্রী।
তাপসী জানান, ছবির শুটিংয়ের তারিখ চূড়ান্ত হওয়ার পরও তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি নিয়েছিলেন স্বয়ং ছবির নায়ক। কারণ জানতে চাইলে তাঁকে শুধু জানানো হয়, নায়ক তাঁকে ওই চরিত্রে চান না। এর সুনির্দিষ্ট কোনো কারণ বা ব্যাখ্যা তাঁর কাছে ছিল না।

এ নিয়ে তাপসীর মনে নানা প্রশ্ন জাগে; তিনি ভেবেছিলেন নায়কের কোনো নিরাপত্তাহীনতা থাকতে পারে কিংবা তিনি হয়তো নিজের পরিচিত অন্য কাউকে ওই চরিত্রে নিতে চেয়েছেন। তবে শেষ পর্যন্ত তাঁর কানে যে কারণটি পৌঁছায়, তা ছিল—‘নায়কের স্ত্রী আপনাকে পছন্দ করেন না!’
আরও পড়ুন: অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের পর মুখ খুললেন অভিনেত্রী
বলিউডে নিজের জায়গা তৈরি করতে গিয়ে এ ধরনের নানা চ্যালেঞ্জের মুখে পড়েছেন তাপসী। তবে এসব অভিজ্ঞতা তাঁকে নিজের কাজের ব্যাপারে আরও সচেতন ও বিচক্ষণ করে তুলেছে। একই ছকে বাঁধা চরিত্রে বারবার অভিনয় করতে না চাওয়ায় তিনি অনেক ছবি ফিরিয়েও দিয়েছেন। গ্ল্যামারাস চরিত্র বা সামাজিক বার্তার ছবি— এমন গতানুগতিক ছকে আটকে না থেকে চরিত্র ও গল্পে নতুনত্ব খোঁজার পক্ষেই তাঁর অবস্থান।

‘থাপ্পড়’ বা ‘হাসীন দিলরুবা’-র মতো ভিন্নধারার চলচ্চিত্রে অভিনয় করে ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তাপসী পান্নু। পর্দায় চরিত্র নির্বাচনে আপসহীন এই অভিনেত্রীর পর্দার পেছনের এমন সব অভিজ্ঞতা তাঁর অভিনয়যাত্রাকে করে তুলেছে আরও বেশি চ্যালেঞ্জিং।
