‘অর্থনৈতিক রূপান্তর-নতুন সম্ভাবনার গুরুত্বপূর্ণ পর্যায়ে বাংলাদেশ’
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১০:২৪ পিএম
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধিদল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক রূপান্তর ও নতুন সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দেশের ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারত্বের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, মার্কিন ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিভিন্ন খাতে বড় ধরনের সুযোগ রয়েছে।
বুধবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
সাক্ষাতের বিভিন্ন দিক তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরের এ সময়ে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারত্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশব। তিন দিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলটি।
প্রতিনিধিদের স্বাগত জানিয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিনের এবং বহুমাত্রিক। বাণিজ্য ও বিনিয়োগসহ অর্থনৈতিক সহযোগিতা দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আরও পড়ুন: ভোক্তা-অধিকারের সতর্কতা ও ৭ নির্দেশনা
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার, পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
অতুল কেশব বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও গভীর করতে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আগ্রহের কথাও জানান।
সাক্ষাতে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি শিল্প ও অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ নিয়েও মতবিনিময় হয়।
দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ ও অংশীদারত্ব আরও জোরদারের মাধ্যমে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার ওপর উভয় পক্ষ গুরুত্ব দিয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে ঢাকার একটি হোটেলে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন প্রতিনিধিদলের সদস্যরা।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক ফেসবুক পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও আর্থিক খাতে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো নতুন সম্ভাবনা খুঁজে দেখতে এবং দুই দেশের পাঁচ দশকের বেশি সময়ের অর্থনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে বাংলাদেশে এসেছে।
ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এ সফরের অন্যতম লক্ষ্য বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ খুঁজে দেখা এবং দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বাড়ানো।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি জ্বালানি, প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি ও অবকাঠামোর মতো খাতেও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বুধবারের বৈঠকেও এসব ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতার বিষয়গুলো উঠে আসে।
