×

জাতীয়

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ এএম

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা আজ

ছবি : সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে মজুরি বোর্ডের তৃতীয় সভা। এ সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করবে বলে জানা গেছে। এর আগে দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ চারটি গ্রেডে শ্রমিকদের জন্য সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছিল।

সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিজয়নগরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন মজুরি বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

এর আগে গত ১৬ নভেম্বর নির্ধারিত বোর্ড সভা অনিবার্য পরিস্থিতির কারণে স্থগিত করা হয়। পরে বোর্ডের কার্যক্রমের অংশ হিসেবে ২৩ নভেম্বর তৃতীয় সভার তারিখ নির্ধারণ করা হয়।

সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের মতামত এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে নতুন নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

শ্রমিকপক্ষের প্রস্তাব ৩২ থেকে ৪৮ হাজার টাকা

গত ৪ নভেম্বর অনুষ্ঠিত মজুরি বোর্ডের প্রথম সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো তৈরি করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এর ধারাবাহিকতায় ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব উপস্থাপন করে। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে মাসিক নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব দেন।

প্রস্তাব অনুযায়ী, প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরি প্রস্তাব করা হয়েছে।

অন্যদিকে, অফিস স্টাফ বা কর্মচারীদের ক্ষেত্রে প্রথম গ্রেডে ৫৫ হাজার, দ্বিতীয় গ্রেডে ৫০ হাজার, তৃতীয় গ্রেডে ৪৫ হাজার এবং চতুর্থ গ্রেডে ৪০ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ।

দ্বিতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দিতে পারেনি। প্রস্তাব তৈরির জন্য তারা সাত কার্যদিবস সময় চাইলেও বোর্ড চার কার্যদিবস সময় দেয়। সে অনুযায়ী ১৫ নভেম্বরের মধ্যে মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল।

বর্তমানে নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা

বর্তমানে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হয়, যা ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। এর আগে ২০১৮ সালে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ছিল ৮ হাজার টাকা।

নতুন মজুরি নির্ধারণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন বিভিন্ন শ্রমিক সংগঠন ও শ্রমিকরা। সংগঠনগুলোর পক্ষ থেকে মাসিক নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়াকে এ দাবির পক্ষে যুক্তি হিসেবে তুলে ধরছেন তাঁরা।

ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন

এর আগে গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে সরকার।

বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ।

মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর পরিচালক এ বি এম শামসুদ্দিন।

অন্যদিকে, শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা আজ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা আজ

মোটরসাইকেলের চাবিতেই চলে সিএমপির চুরি হওয়া পিকআপ!

মোটরসাইকেলের চাবিতেই চলে সিএমপির চুরি হওয়া পিকআপ!

অস্থিরতার নেপথ্যে ২৬ উসকানিদাতা

অস্থিরতার নেপথ্যে ২৬ উসকানিদাতা

ফটিকছড়িতে প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীকে এলোপাথাড়ি গুলি

ফটিকছড়িতে প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীকে এলোপাথাড়ি গুলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App