×

জাতীয়

অস্থিরতার নেপথ্যে ২৬ উসকানিদাতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১১:২০ পিএম

অস্থিরতার নেপথ্যে ২৬ উসকানিদাতা

ছবি: সংগৃহীত

ঢাকার মিরপুর, গাজীপুর ও আশুলিয়ার শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টিতে উসকানি দেওয়ার অভিযোগে ২৬ জনকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁদের নজরদারিতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, গার্মেন্টস খাতে শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে এসব ব্যক্তি গাড়িতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় উসকানি দিচ্ছেন।

চিহ্নিত ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুসারী হিসেবে পরিচিত কয়েকজন গার্মেন্টস মালিক ও শ্রমিক নেতাও রয়েছেন বলে জানা গেছে। তাঁদের নামের তালিকা সরকারের উচ্চপর্যায়ে জমা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর মিরপুরে ভাঙচুর ও উসকানি দেওয়ার অভিযোগে দুজনকে চিহ্নিত করা হয়েছে। তাঁরা হলেন মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সালেহা ইসলাম শান্তনা এবং সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আল-আমিন ইসলাম।

গাজীপুরে একই অভিযোগে ১৮ জনকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন যুবলীগ নেতা খাত্তাম মোল্যা, সাবেক উপজেলা চেয়ারম্যান সেলিম, বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম মাজহার, শ্রমিক নেতা বাহার উদ্দিন, আল আমিন, আসাদ, ফিরোজ, আক্কাস, শাহ আলম ও মনির।

এ ছাড়া শ্রমিক নেত্রী শাহনাজ, রোজিনা, ডলি আক্তার ও সুমি; শ্রমিক সংগঠক মাসুদ; একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেত্রী সীমা আক্তার; গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ ওয়ার্কার্স ফেডারেশনের নেতা জহির উদ্দিন এবং বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল অ্যান্ড লেদার ওয়ার্কার্স ফেডারেশনের নেতা রাশেদুলের নামও রয়েছে তালিকায়।

আশুলিয়ায় ছয়জনকে চিহ্নিত করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তাঁরা হলেন স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের আঞ্চলিক সভাপতি ও কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সহসভাপতি এবং জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আল কামরান, গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. তুহিন চৌধুরী, বাংলাদেশ গার্মেন্টস ঐক্য ফেডারেশনের আঞ্চলিক কমিটির সভাপতি মো. খোরশেদ আলম এবং বাংলাদেশ পোশাকশিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন ঠান্ডু।

সূত্রের দাবি, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কেউ কেউ আন্দোলনকারীদের সঙ্গে মিশে নাশকতার চেষ্টা করছেন। তাঁদের বিরুদ্ধে পুলিশ সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ, কারখানা ও দোকানপাটে ভাঙচুর এবং সড়ক অবরোধের অভিযোগ রয়েছে।

আন্দোলন শুরুর পর থেকে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বেশ কয়েকজন বহিরাগত ইন্ধনদাতাকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসব ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে পুলিশের দাবি, নাশকতায় জড়িতদের কেউ শ্রমিক নন। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এখনো কিছু শ্রমিক ও উসকানিদাতা সড়ক অবরোধে অন্যদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন। সড়কে নামা ব্যক্তিদের সরিয়ে দেওয়ার পাশাপাশি শ্রমিকদের সড়ক অবরোধ থেকে বিরত রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট, ভুল তথ্য ও গুজব ছড়ানোর মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে গাজীপুরের স্টারলিং অ্যাপারেলস, এপেক্স ফুটওয়্যার, ট্রপিক্যাল নেটেক্স লিমিটেড ও এসেন্সিয়াল ক্লোদিং লিমিটেডের শ্রমিকদের ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা।

চলমান শ্রমিক অসন্তোষ নিরসন এবং ভবিষ্যতে সড়ক অবরোধ করে আন্দোলন ঠেকাতে বিজিএমইএর উদ্যোগে সংশ্লিষ্ট শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি মজুরি পুনর্নির্ধারণের বিষয়ে যৌক্তিক আশ্বাস দেওয়ার সুপারিশ করা হয়েছে।

মিরপুর, গাজীপুর ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পকারখানা, সড়ক, মেট্রোরেল স্টেশন, ব্যাংক, এটিএম বুথসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় পর্যাপ্ত পুলিশ ও শিল্প পুলিশের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত টহল এবং সমন্বিত নজরদারি বাড়ানোর সুপারিশও রয়েছে।

এ ছাড়া পুলিশের গাড়ি ও স্থাপনায় অগ্নিসংযোগ, কারখানা ও দোকানপাটে ভাঙচুর এবং পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের কথা বলা হয়েছে। একই সঙ্গে নিরপরাধ শ্রমিকদের হয়রানি না করার বিষয়টি নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।

সংশ্লিষ্ট শ্রমিক সংগঠন, শ্রমিক প্রতিনিধি ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

এ বিষয়ে শিল্পাঞ্চল পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. ইসরাইল হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরেই তাঁরা শিল্পাঞ্চলে অস্থিরতা কমাতে কাজ করছেন। কখনো সরাসরি, আবার কখনো আড়াল থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, গার্মেন্টস খাতে অস্থিরতা, ভাঙচুর ও উসকানিদাতাদের চিহ্নিত করে নজরদারিতে রাখা হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে সাধারণ শ্রমিকদের পাশাপাশি মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে যৌথভাবে আলোচনা করা হচ্ছে।

ইসরাইল হাওলাদার আরও বলেন, কোনোভাবেই যেন সড়ক অবরোধ করে নাশকতা সৃষ্টি করা না যায়, সে বিষয়ে সতর্ক রয়েছে শিল্পাঞ্চল পুলিশ।

সংশ্লিষ্টরা জানান, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে শিল্পাঞ্চলগুলোতে যৌথ বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ড্রোন এবং পুলিশ সদস্যদের শরীরে ধারণযোগ্য ক্যামেরা বা বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা হচ্ছে।

সূত্র : রূপালী বাংলাদেশ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোটরসাইকেলের চাবিতেই চলে সিএমপির চুরি হওয়া পিকআপ!

মোটরসাইকেলের চাবিতেই চলে সিএমপির চুরি হওয়া পিকআপ!

অস্থিরতার নেপথ্যে ২৬ উসকানিদাতা

অস্থিরতার নেপথ্যে ২৬ উসকানিদাতা

ফটিকছড়িতে প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীকে এলোপাথাড়ি গুলি

ফটিকছড়িতে প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীকে এলোপাথাড়ি গুলি

‘আপার ক্যানসার হয়েছে, আপা মৃত্যুশয্যায়’

‘আপার ক্যানসার হয়েছে, আপা মৃত্যুশয্যায়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App