×

ক্যাম্পাস

আরও ৯০ দিন ডাকসুর দায়িত্বে সাদিক-ফরহাদরা, তবে...

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পিএম

আরও ৯০ দিন ডাকসুর দায়িত্বে সাদিক-ফরহাদরা, তবে...

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নিয়মিত মেয়াদ শেষ হলেও আপাতত দায়িত্ব পালন করবে বর্তমান কমিটি। গঠনতন্ত্র অনুযায়ী, নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত অতিরিক্ত ৯০ দিন রুটিন দায়িত্ব পালন করতে পারবেন নির্বাচিত নেতারা। তবে এর মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হলে বর্তমান কমিটির কার্যকারিতা শেষ হয়ে যাবে।

বর্তমান কমিটির একাধিক নেতা জানিয়েছেন, নির্বাচনের তফসিল ঘোষণা হলেই তারা যেকোনো সময় দায়িত্ব ছেড়ে দেবেন।

দীর্ঘ ২৮ বছর পর ২০১৯ সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে ১৪ সেপ্টেম্বর দায়িত্ব নেয় শিবির-সমর্থিত প্যানেল। ডাকসু গঠনতন্ত্রের ৬ নম্বর অনুচ্ছেদের (গ) উপধারা অনুযায়ী, নির্বাচিত কমিটির মেয়াদ ৩৬৫ দিন। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে নির্বাচিত প্রতিনিধিরা আরও ৯০ দিন দায়িত্ব পালন করতে পারবেন।

গত রোববার (১৪ সেপ্টেম্বর) বর্তমান কমিটির এক বছরের মেয়াদ শেষ হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো নির্বাচনের তফসিল ঘোষণা না করায় সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদের নেতৃত্বাধীন কমিটি আপাতত দায়িত্ব পালন করবে।

তবে মেয়াদ শেষ হওয়ায় এই সময়ে কমিটির দায়িত্ব কেবল রুটিন কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী, বর্তমান কমিটি নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারবে না।

ডাকসুর জিএস এস এম ফরহাদ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গঠনতন্ত্র অনুযায়ী তারা আরও ৯০ দিন দায়িত্ব পালন করবেন। এর মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হলে কমিটির মেয়াদ আর থাকবে না। তফসিল না হওয়া পর্যন্ত নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করে যাবেন তারা।

তিনি আরও জানান, নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

জানা গেছে, ডাকসুর নিয়মিত মেয়াদ শেষ হলেও নতুন নির্বাচন আয়োজনের বিষয়ে এখনো দৃশ্যমান কোনো প্রক্রিয়া শুরু করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। অংশীজন ও ছাত্র সংগঠনগুলোর সঙ্গেও এ নিয়ে কোনো আলোচনা হয়নি। এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে নির্বাচনের প্রায় এক বছর আগে থেকেই অংশীজন ও বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা শুরু করেছিল তৎকালীন প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী সবকিছু পরিচালিত হবে। নির্বাচনসহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ডাকসুর গঠনতন্ত্র নিয়ে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে আলোচনা হবে। নির্বাচন নিয়ে একটি সভা হয়েছে। হল প্রশাসনও নির্বাচনের পরিবেশ নিয়ে চিঠি দেবে। এরপর ক্রিয়াশীল ছাত্র সংগঠন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

নির্বাচনের নির্দিষ্ট সময়সীমা জানাতে না পারলেও উপাচার্য বলেন, গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান কমিটি অতিরিক্ত ৯০ দিন দায়িত্ব পালন করতে পারবে। বিষয়টি সিন্ডিকেটে আলোচনা হবে। গঠনতন্ত্রে কোনো পরিবর্তন আনা হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, বর্তমান কমিটির নিয়মিত মেয়াদ শেষ হওয়ায় তাদের দায়িত্ব এখন রুটিন কার্যক্রমে সীমাবদ্ধ থাকবে। তারা কোনো নীতিগত সিদ্ধান্ত নিতে পারবে না।

এদিকে এক বছরের দায়িত্ব পালন শেষে ২০২৫ সালের ডাকসু ও হল সংসদের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠান শুরু হয়ে রাত সাড়ে ৯টায় শেষ হয়। এতে ডাকসুর কোষাধ্যক্ষ, কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ এবং জগন্নাথ হল ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তবে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

এর আগে গত সপ্তাহে ফেসবুকে দেওয়া এক পোস্টে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, পরবর্তী নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব হস্তান্তরের জন্য তারা প্রস্তুত। মেয়াদ শেষ হওয়ার পর এক দিনও পদ ধরে রাখার ইচ্ছা তাদের নেই বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হুথি মোকাবিলায় সৌদিকে সহায়তা করবে ইসরাইল

হুথি মোকাবিলায় সৌদিকে সহায়তা করবে ইসরাইল

গ্যাসের নতুন মজুতের খোঁজে বাপেক্স

গ্যাসের নতুন মজুতের খোঁজে বাপেক্স

‘সময় মেরামত’ করেই কেটে গেল মোহন বিশ্বাসের ৫০ বছর

‘সময় মেরামত’ করেই কেটে গেল মোহন বিশ্বাসের ৫০ বছর

তিন মাসের বেশি সময় ধরে ইন্টারনেট বন্ধ

তিন মাসের বেশি সময় ধরে ইন্টারনেট বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App