ববির মেডিকেল সেন্টারে অনিয়ম, চিকিৎসককে শোকজ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পিএম
ছবি : সংগৃহীত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারের নির্ধারিত কার্যক্রমের সময় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কমিয়ে দেওয়ার অভিযোগে সিনিয়র মেডিকেল অফিসার ডা. শাম্মী আরা নিপাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. আবদুল আলিম বছির স্বাক্ষরিত এক নোটিশে তাকে সাত কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়, ডা. শাম্মী আরা নিপা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের দপ্তর প্রধানের রুটিন দায়িত্বে রয়েছেন। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মেডিকেল সেন্টার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সচল রাখার কথা। তবে অভিযোগ রয়েছে, কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই তিনি একক সিদ্ধান্তে গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর মেডিকেল সেন্টারের কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের নোটিশে এ ঘটনাকে কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য হিসেবে উল্লেখ করা হয়েছে। এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
নোটিশ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রার বরাবর লিখিতভাবে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়েছে।
