×

রাজধানী

৮০০ ফোন চুরি, অবশেষে যুগ্ম সচিবের মেয়ে ধরা পড়লেন যেভাবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ১০:৪৫ পিএম

৮০০ ফোন চুরি, অবশেষে যুগ্ম সচিবের মেয়ে ধরা পড়লেন যেভাবে

ছবি: সংগৃহীত

রাজধানীর অভিজাত এলাকাগুলোতে বিভিন্ন সময় ভুয়া পরিচয়ে হোটেল, ক্লাবে সেমিনার ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে দামি জিনিসপত্র চুরি করতেন অবসরপ্রাপ্ত এক যুগ্ম সচিবের মেয়ে জুবাইদা সুলতানা (৪৪)। এ পর্যন্ত সেসব এলাকা থেকে প্রায় ৭০০ থেকে ৮০০ মোবাইল ফোন, ল্যাপটপ ও দামি ভ্যানিটি ব্যাগ চুরি করেছেন তিনি।

এদিকে গত ৩ মার্চ ঢাকা ক্লাবে গাইনোকোলজিক্যাল অনকোলজিবিষয়ক এক সেমিনারে অংশগ্রহণ করে জুবাইদা চুরি করেন ডা. ফারহানা হকের মোবাইল ফোন, ব্যাগ ও গহনা। ডা. ফারহানা হক গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের চিকিৎসক। তার চুরির জিনিসপত্র জুবাইদা বিক্রি করে দিলেও তার হোয়াটসঅ্যাপ নম্বরটি নিজের মোবাইলে হস্তান্তর করে নেন। সেই থেকে ডা. ফারহানা সেজে ব্যবস্থাপত্র দিয়ে যাচ্ছিলেন জুবাইদা, বিভিন্ন রোগীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছিলেন মোটা অঙ্কের টাকা।

এ বিষয়ে গত ১২ মার্চ রমনা মডেল থানায় একটি মামলা হলে ছায়াতদন্ত শুরু করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তদন্তের এক পর্যায়ে শুক্রবার (১৫ মার্চ) জুবাইদাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় জুবাইদার কাছ থেকে নারীদের ১৬টি হ্যান্ডব্যাগ, চারটি মোবাইল, পাঁচটি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, অলংকার, বিভিন্ন সুপারশপের কার্ড, চারটি পেনড্রাইভ জব্দ করা হয়।

শনিবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

হারুন বলেন, জুবাইদা অভিজাত চোর। তার টার্গেট চাকরিজীবী নারী ও বিশ্ববিদ্যালয়ে পড়া মেয়েরা। তিনি ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, রেডিসন এবং সোনারগাঁওয়ের মতো অভিজাত হোটেলে বিভিন্ন সভা-সেমিনারে অংশ নিয়ে চুরি করতেন। চোরাই জিনিস ব্যবহার করে বিলাসি জীবনযাপন করতেন।

তিনি বলেন, গ্রেপ্তার জুবাইদা বিভিন্ন পাঁচ তারকা হোটেল ও রেস্টুরেন্টে পেশাজীবী সংগঠনের সভা-সিম্পোজিয়াম, সেমিনারে ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে অনলাইন রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করতেন। সারাদিন গুরুগম্ভীর আলোচনার ফাঁকে চুরি করে সটকে পরতেন।

ডিএমপির এ অতিরিক্ত কমিশনার বলেন, ১২ বছর ধরে জুবাইদা চুরি করে আসছিলেন। নিজেকে রাখতেন পরিমিতভাবে গুছিয়ে। রেজিস্ট্রেশন করে অংশ নিতেন বড় বড় সভা-সেমিনার ও ওয়ার্কশপে। এসব অনুষ্ঠানে গিয়ে সুকৌশলে চুরি করতেন দামি জিনিসপত্র। তার নিয়মিত যাতায়াত ছিলো ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, উত্তরা ক্লাবসহ বিভিন্ন পাঁচ তারকা হোটেল ও রেস্টুরেন্টে। জুবাইদা সুলতানা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন এসব তথ্য।

হারুন অর রশীদ বলেন, জুবাইদার বাবা একজন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব। তার বোন গ্রামীণফোনের একজন বড় কর্মকর্তা। তার এসব খারাপ অভ্যাসের জন্য তাকে পরিবার থেকে বিতাড়িত করা হয়েছে। জুবাইদা বিয়ে করেছেন দুটি। তার বর্তমান স্বামীর চতুর্থ স্ত্রী তিনি। তার স্বামী বর্তমানে সৌদি প্রবাসী। স্বামী সৌদিতে থাকলেও জুবাইদার চুরি করা জিনিসপত্র বিক্রি করে দেয়ার ব্যবস্থা করে দিতেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, আহত ১৪

উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, আহত ১৪

বেনজীরের জামিন নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বেনজীরের জামিন নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঘিরে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে’

স্বরাষ্ট্রমন্ত্রী ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঘিরে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App