×

রাজশাহী

জলপথের হারিয়ে যাওয়া এক জীবনচিত্র

Icon

মো. মাজেম আলী মলিন, গুরুদাসপুর নাটোর থেকে

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০২:০৯ পিএম

জলপথের হারিয়ে যাওয়া এক জীবনচিত্র

ছবি: ভোরের কাগজ

‘হাঁড়ি-পাতিল নেবেন, হাঁড়ি-পাতিল! ঘরের দরকারি সদাই নেবেন?’— একসময় চলনবিলের বিস্তীর্ণ জলরাশিতে এমন চেনা ডাকেই মুখর হয়ে উঠত গ্রামবাংলার জনপদ। নৌকার পাটাতনে সারি সারি সাজানো মাটির হাঁড়ি-পাতিল, কলস, থালা-বাসনসহ সংসারের প্রয়োজনীয় নানা সামগ্রী নিয়ে মাঝিরা ঘুরে বেড়াতেন এক ঘাট থেকে অন্য ঘাটে। সেই ডাক শুনে ঘর থেকে ছুটে আসতেন গৃহিণীরা, কৌতূহলী চোখে নৌকাকে ঘিরে দাঁড়াত শিশুরা। তখন নৌকা শুধু জলপথে চলাচলের বাহন ছিল না, ছিল মানুষের দোরগোড়ায় পৌঁছে যাওয়া এক চলমান বাজার। দুই-তিন দশক আগের চলনবিলের গ্রামীণ জীবনের এই চিরচেনা দৃশ্য আজ সময়ের স্রোতে প্রায় হারিয়ে গেছে।

যেসব পরিবারের পক্ষে দূরের হাটবাজারে যাওয়া কঠিন ছিল, তাদের কাছে এসব ভাসমান দোকান ছিল অনেকটা আশীর্বাদের মতো। ঘরের কাছেই পাওয়া যেত প্রয়োজনীয় পণ্য। বাঁচত সময়, কমত যাতায়াতের ভোগান্তি। শুধু পণ্য কেনাবেচাই নয়, ব্যবসায়ী ও ক্রেতার মধ্যে গড়ে উঠত দীর্ঘদিনের পরিচয়, আস্থা ও আন্তরিকতা। নৌকার পরিচিত ডাক শুনলেই মানুষ বুঝতে পারতেন, প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পরিচিত বিক্রেতা হাজির হয়েছেন।

প্রকৃতির সঙ্গে মানিয়ে চলাই ছিল চলনবিলের মানুষের জীবনদর্শন। বর্ষা এলেই বিস্তীর্ণ বিল পানিতে থইথই করত। চারদিকে অথই জলরাশি, মাঝেমধ্যে জেগে থাকা গ্রামগুলোকে মনে হতো বিচ্ছিন্ন একেকটি দ্বীপ। এক পাড়া থেকে অন্য পাড়ায় যাওয়া, আত্মীয়স্বজনের বাড়িতে পৌঁছানো কিংবা নিত্যপ্রয়োজনে বাজারে যাওয়া, ছেলে মেয়েদের স্কুলে যাওয়া, অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যাওয়া— সবই হয়ে উঠত বেশ কষ্টসাধ্য। সড়ক যোগাযোগ ছিল সীমিত; কোথাও কাঁচা রাস্তা, কোথাও গভীর পানি, আবার কোথাও ছিল কোমরসমান জল। এমন বাস্তবতায় নৌকাই ছিল মানুষের চলাচল, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও জীবনধারণের অন্যতম প্রধান অবলম্বন।

এই জলনির্ভর জীবনব্যবস্থাকে ঘিরেই গড়ে উঠেছিল এক অনন্য ভ্রাম্যমাণ বাণিজ্যসংস্কৃতি। ক্ষুদ্র ব্যবসায়ীরা নৌকাকে বানিয়ে নিয়েছিলেন তাঁদের চলমান দোকান। নৌকাভর্তি থাকত মাটির হাঁড়ি-পাতিল, কলস, থালা-বাটি, রান্নার সামগ্রী, মুদি পণ্যসহ সংসারের নিত্যপ্রয়োজনীয় নানা জিনিসপত্র। গ্রামের ঘাটে ঘাটে নৌকা ভিড়িয়ে তাঁরা পসরা সাজাতেন। কখনো বিক্রেতার চেনা হাঁক ভেসে আসত বিলের জল ছাপিয়ে, কখনো ক্রেতারা ঘাট থেকে ডাক দিতেন পছন্দের পণ্য দেখানোর জন্য। এভাবেই নদী, খাল ও বিলের জলপথ ধরে এক গ্রাম থেকে অন্য গ্রামে পৌঁছে যেত প্রয়োজনীয় সামগ্রী।এক কথায়  জলপথই হয়ে উঠেছিল মানুষের কেনাকাটার সহজ যোগাযোগব্যবস্থা।

বিশেষ করে মাটির তৈরি হাঁড়ি-পাতিল ছিল গ্রামীণ পরিবারের অপরিহার্য অনুষঙ্গ। রান্না করা, পানি সংরক্ষণ কিংবা খাবার পরিবেশনে মাটির তৈজসপত্রের ব্যবহার ছিল ব্যাপক। ফলে এসব পণ্যের চাহিদাও ছিল যথেষ্ট। কুমারপাড়ায় তৈরি মাটির সামগ্রী নৌকায় তুলে ব্যবসায়ীরা পৌঁছে দিতেন বিলের প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে। যেসব গ্রামে নিয়মিত বাজার বসত না কিংবা বাজারে যাতায়াতের সুযোগ সীমিত ছিল, সেসব এলাকার মানুষের জন্য নৌকাদোকান ছিল প্রয়োজন মেটানোর সহজ উপায়।

একটি নৌকার পেছনে কত মানুষের জীবিকা জড়িয়ে থাকত, তা হয়তো তখন কেউ আলাদা করে হিসাব করেননি। কুমার তৈরি করতেন মাটির পাত্র, ব্যবসায়ী সেগুলো সংগ্রহ করে নৌকায় তুলতেন, মাঝি বৈঠা চালিয়ে পৌঁছে দিতেন গ্রাম থেকে গ্রামে। আর বিলপাড়ের সাধারণ মানুষ সেই পণ্য কিনে মেটাতেন সংসারের প্রয়োজন। অর্থাৎ একটি নৌকাকে কেন্দ্র করে যুক্ত ছিল মৃৎশিল্পী, ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝি ও ক্রেতা বিক্রেতার জীবন-জীবিকা। এভাবেই গড়ে উঠেছিল গ্রামীণ অর্থনীতির ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ এক বাণিজ্যিক শৃঙ্খল।

সেই নৌকাদোকানগুলো ছিল মানুষের পারস্পরিক যোগাযোগ ও সামাজিক সম্পর্কেরও একটি অংশ। নৌকা ঘাটে ভিড়লেই শিশু-কিশোরদের কৌতূহলী চোখ, গৃহস্থ পরিবারের ব্যস্ততা আর বিক্রেতার হাঁকডাকে প্রাণ ফিরে পেত গ্রামের পরিবেশ। অনেক বিক্রেতার সঙ্গে ক্রেতাদের গড়ে উঠত পারিবারিক সম্পর্কের মতো আন্তরিকতা। কে কোন পণ্য কিনবেন, কার বাড়িতে কী প্রয়োজন, কে আগেরবার কী নিয়েছিলেন—এসবও অনেক সময় বিক্রেতাদের মনে থাকত। কেনাবেচার মধ্যে মিশে থাকত বিশ্বাস, পরিচয় ও মানবিক সম্পর্কের উষ্ণতা। আজকের বাজারকেন্দ্রিক বাণিজ্যব্যবস্থায় সেই আন্তরিকতার দৃশ্য খুব একটা চোখে পড়ে না।

কিন্তু সময় বদলেছে, বদলে গেছে চলনবিলের জীবনযাত্রাও। সড়ক যোগাযোগের বিস্তার, মোটরসাইকেল, সিএনজি , ভ্যান, অটোরিকশা এবং গ্রামগঞ্জে দোকানপাট ও বাজারের প্রসারের ফলে মানুষের কেনাকাটার ধরন পাল্টে গেছে। একসময় যে পণ্য কিনতে নৌকার অপেক্ষায় থাকতে হতো, এখন তা পাওয়া যায় বাড়ির কাছের দোকান কিংবা স্থানীয় বাজারেই। অন্যদিকে প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, স্টিলসহ আধুনিক উপকরণের ব্যবহার বাড়ায় মাটির হাঁড়ি-পাতিলের চাহিদাও আগের তুলনায় কমেছে। ফলে নৌকায় করে এসব পণ্য বিক্রির ঐতিহ্য ক্রমেই সংকুচিত হয়েছে।

অবশ্য পরিবর্তনকে অস্বীকার করার সুযোগ নেই। যোগাযোগব্যবস্থার উন্নয়ন মানুষের জীবনকে সহজ করেছে, কেনাকাটার সুযোগ বাড়িয়েছে। কিন্তু উন্নয়নের এই পরিবর্তনের সঙ্গে হারিয়ে যাওয়া গ্রামীণ জীবনধারার ইতিহাসও আমাদের মনে রাখা প্রয়োজন। কারণ চলনবিলের নৌকাদোকান কেবল একটি ব্যবসাপদ্ধতি ছিল না; এটি ছিল জলাভূমিনির্ভর মানুষের জীবনসংগ্রাম, সৃজনশীলতা, অভিযোজনক্ষমতা ও পারস্পরিক নির্ভরতার এক অনন্য উদাহরণ।

চলনবিলের ইতিহাস বলতে শুধু নদী, খাল, বিল, মাছ কিংবা কৃষির কথা বললে পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে না। বলতে হবে এখানকার নৌকা, মাঝি-মাল্লা, কুমার, জেলে, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং জলপথনির্ভর মানুষের কথাও। কারণ এসব মানুষের জীবনযাত্রা, পেশা ও সংস্কৃতির সমন্বয়েই গড়ে উঠেছে চলনবিলের স্বতন্ত্র পরিচয়।

এ ঐতিহ্য সংরক্ষণে এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রবীণ মানুষের স্মৃতিচারণ, পুরোনো ছবি, স্থানীয় ইতিহাস ও লোকজ উপকরণ সংগ্রহ করে চলনবিলের হারিয়ে যাওয়া জীবনধারার একটি তথ্যভিত্তিক সংরক্ষণাগার গড়ে তোলা যেতে পারে। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, গবেষক ও জনপ্রতিনিধিরা এগিয়ে এলে এসব স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। এমনকি ঐতিহ্যবাহী নৌকাদোকানের একটি প্রতিকৃতি বা প্রদর্শনী স্থানীয় জাদুঘর কিংবা সাংস্কৃতিক আয়োজনে স্থান পেতে পারে।

আজকের প্রজন্ম হয়তো কল্পনাও করতে পারবে না, একসময় সংসারের হাঁড়ি-পাতিল কিংবা প্রয়োজনীয় সদাই কিনতে মানুষকে সব সময় বাজারে যেতে হতো না; বাজারই নৌকায় চড়ে চলে আসত তাদের বাড়ির ঘাটে। এই সাধারণ দৃশ্যের মধ্যেই লুকিয়ে আছে অসাধারণ এক জীবনদর্শন—প্রকৃতির সঙ্গে মানিয়ে চলা, মানুষের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া এবং সীমিত সামর্থ্যের মধ্যেও জীবনকে সহজ ও সুন্দর করে তোলার গল্প।

চলনবিলের সেই নৌকাদোকানগুলো হয়তো আর আগের মতো দেখা যায় না। শোনা যায় না মাঝির কণ্ঠে ‘হাঁড়ি-পাতিল নেবেন’—এমন চেনা ডাক। নৌকার পাটাতনে সাজানো মাটির তৈজসপত্র, ঘাটে অপেক্ষায় থাকা গৃহিণী আর বৈঠার ছন্দে এগিয়ে চলা ভাসমান বাজার—সবই এখন অনেকের কাছে স্মৃতির অ্যালবামে বন্দী এক হারানো সময়।

তবু এই স্মৃতি শুধু নস্টালজিয়ার বিষয় নয়; এটি একটি জনপদের ইতিহাস, সংস্কৃতি ও অর্থনৈতিক বিবর্তনের গুরুত্বপূর্ণ দলিল। সময়ের স্রোতে নৌকাদোকান হারিয়ে গেলেও তার ইতিহাস হারিয়ে যেতে দেওয়া যায় না। কারণ একসময় চলনবিলের মানুষের কাছে বাজার কোনো নির্দিষ্ট জায়গায় বসে থাকত না, বাজার ভেসে বেড়াত মানুষের ঘাটে ঘাটে। আর সেই ভাসমান বাজারের প্রতিটি বৈঠার টানে লেখা ছিল চলনবিলের মানুষের জীবন ও জীবিকার এক অনন্য গল্প।

লেখক: সরকারি অধ্যাপক ও বিভাগীয় প্রধান সমাজবিজ্ঞান বিভাগ রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজ। সাংবাদিক ও কলামিস্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, পেছনের ফটক দিয়ে বের করা হয় মন্ত্রীকে

বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, পেছনের ফটক দিয়ে বের করা হয় মন্ত্রীকে

আশুলিয়ায় আবারও শ্রমিকদের সড়ক অবরোধ

আশুলিয়ায় আবারও শ্রমিকদের সড়ক অবরোধ টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ

জলপথের হারিয়ে যাওয়া এক জীবনচিত্র

জলপথের হারিয়ে যাওয়া এক জীবনচিত্র

মুখোশ পরে টায়ারে আগুন, সড়ক অবরোধের চেষ্টা

মুখোশ পরে টায়ারে আগুন, সড়ক অবরোধের চেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App