ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:৫০ পিএম
ফাইল ছবি
চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে বিজিবি সদস্যরা কাজ করছেন।
বিজিবি সদস্যরা ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছেন।
বিজিবি জানায়, শিল্পাঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ে মোতায়েন করা সদস্যদের কার্যক্রম সমন্বয়ে সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ জন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করেই বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সম্প্রতি ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় আন্দোলনে নামেন পোশাকশ্রমিকরা। এ সময় কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। কোথাও কোথাও বহিরাগতদের সঙ্গেও সংঘাতের ঘটনা ঘটে। এ ছাড়া ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নিতেও দেখা যায়।
এর মধ্যে গত ৪ নভেম্বর পোশাক খাতের নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, পোশাকশ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে। শ্রমিকরা জানুয়ারি মাসে নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন। এরপর পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে।
সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়, যা কার্যকর হয় একই বছরের ডিসেম্বরে। সেই হিসাবে চলতি নভেম্বরে বর্তমান নিম্নতম মজুরি হারের মেয়াদ শেষ হচ্ছে।
২০২৩ সালে তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। এতে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।
