মুখোশ পরে টায়ারে আগুন, সড়ক অবরোধের চেষ্টা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০১:১০ পিএম
সংগৃহীত ছবি
চট্টগ্রামের আনোয়ারায় ভোরে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের শোলকাটা এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সরে যান তাঁরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী শোলকাটা এলাকায় সড়কে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা সড়কের ওপর কয়েকটি টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেন। এ সময় তাঁদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, অবরোধের চেষ্টায় অংশ নেওয়া ব্যক্তিদের কারও মাথায় হেলমেট, আবার কেউ মুখোশ পরে রয়েছেন। তাঁরা সড়কে একাধিক টায়ার জ্বালিয়ে স্লোগান দিচ্ছেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল। তবে পুলিশ যাওয়ার আগেই নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখান থেকে সরে যান। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘পুলিশ যাওয়ার আগেই তাঁরা সরে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
