গুলশান থানার ওসি প্রত্যাহার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পিএম
মো. দাউদ হোসেন। ছবি: সংগৃহীত
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের পাঁচ দিন পর গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদরদপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. দাউদ হোসেনকে প্রশাসনিক কারণে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আদেশটি বুধবার থেকেই কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।
আরও পড়ুন: ‘রাশেদ খানের ওপর নির্যাতন, এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে তদন্ত শুরু’
এর আগে গত ১১ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশান থানার ৩ নম্বর সড়কে কেএফসির পাশে একটি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন।
মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ এগিয়ে গেলে মিছিলকারীরা পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করেন বলে পুলিশ জানিয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার এবং পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।
ওই ঘটনার পর অভিযান চালিয়ে এখন পর্যন্ত অন্তত ৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
