রাজধানীতে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে হত্যা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১১ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর মিরপুরের রূপনগরে নুপুর নামের এক নারী পোশাকশ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিট থেকে ১টা ৫ মিনিটের মধ্যে রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকার ৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, দুপুরের খাবারের বিরতিতে বাসার উদ্দেশে রওনা হয়েছিলেন নুপুর। পথে কয়েকজন দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এ সময় চায়নিজ কুড়াল ও রামদা দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। পোশাকশ্রমিকের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
