এক শর্তে সরকারের পাশে থাকার ঘোষণা দিল জামায়াত
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম
ছবি : সংগৃহীত
গণভোটের রায় মেনে নেওয়ার ঘোষণা দিলে বিরোধী দল হিসেবে সরকারকে সব কাজে সহযোগিতা করার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর মতে, সরকার গণভোটের গণরায় মেনে নিলে রাজনৈতিক সংকট নিরসন হবে এবং সরকারের প্রতি জনগণের আস্থা ফিরে আসবে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে সকাল ১১টায় দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি, জনগণের জানমালের নিরাপত্তাহীনতা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এসব বিষয় নিয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল ও সংসদের প্রধান বিরোধী দল হিসেবে বর্তমান পরিস্থিতিতে নিজেদের করণীয় এবং জনগণের প্রতি বার্তা নির্ধারণ করেছে জামায়াত।
তিনি অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে জনগণের দেওয়া রায় উপেক্ষা করে সরকার একদলীয় কর্তৃত্ববাদী মানসিকতায় দেশ পরিচালনার দিকে এগোচ্ছে। এর ফলে রাজনৈতিক সংকট ও অস্থিরতা তৈরি হয়েছে বলে মনে করে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।
গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ নিয়ে দেশের রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছে স্বাক্ষর করেছিল। পরবর্তী সময়ে গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সনদের পক্ষে রায় দিয়েছেন। কিন্তু ক্ষমতাসীন দল সেই গণরায় উপেক্ষা করছে। প্রায় পাঁচ কোটি মানুষের দেওয়া রায়ের প্রতি সরকারের এমন অবস্থানের কারণে জনগণের আস্থা নষ্ট হয়েছে। তাঁর দাবি, সনদে সম্মত হওয়ার পর ক্ষমতায় গিয়ে তা অস্বীকার করা রাজনৈতিক দ্বিচারিতা।
সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ
দেশের সাম্প্রতিক সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা আসার পর থেকে গোপালগঞ্জ, ফরিদপুর, ভাঙ্গা, নড়াইল ও পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় সহিংসতা ও অস্থিরতা দেখা যাচ্ছে।
তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে মহাসড়কে গাছ কেটে ও রাস্তা বন্ধ করে যান চলাচলে বাধা দেওয়া হচ্ছে। গাড়িতে তল্লাশি চালিয়ে মানুষকে মারধর, অগ্নিসংযোগ এবং বাড়িঘর ও দোকানপাটে হামলার ঘটনাও ঘটছে। এমনকি জামায়াতের সংসদ সদস্যদের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
গোলাম পরওয়ার আরও বলেন, বিভিন্ন স্থানে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা, থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়া, পুলিশের ওপর আক্রমণ ও তাদের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করতে পারছে না বলে মন্তব্য করেন তিনি।
তাঁর দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকার কথা বললেও বাস্তব পরিস্থিতির সঙ্গে ওই বক্তব্যের অসংগতি রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা ও সরকারি স্থাপনা রক্ষার দায়িত্ব সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির ভূমিকা নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ
গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকারের দুর্বলতা এবং প্রশাসনের একটি অংশের পরিকল্পিত ভূমিকার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ ও সাংবিধানিক বিভিন্ন পদে এখনো ফ্যাসিবাদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা রয়েছেন বলে দাবি করেন তিনি।
সীমান্তের ওপারে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে প্রবেশের খবর পাওয়ার কথাও জানান তিনি। এসব ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের এই নেতা।
তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ফ্যাসিবাদবিরোধী অবস্থান ধরে রাখতে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না। এ লক্ষ্যে ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি পালন করবে জামায়াত। আগামী ২১ তারিখ শনিবার রাজধানীতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে। মাসব্যাপী অন্যান্য কর্মসূচির বিস্তারিত পরবর্তী সংবাদ সম্মেলনে জানানো হবে।
দেশের সব রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি ঘোষণা করে মাঠে থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সাধারণ মানুষকে শান্ত থাকার এবং সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার অনুরোধ করেন।
গণভোটের রায় মেনে নিলে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জামায়াতের অবস্থান তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় মেনে নেওয়ার দাবিতে দলটি ইতোমধ্যে লংমার্চ, সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। রাজধানী থেকে করিমগঞ্জ পর্যন্ত লংমার্চের মাধ্যমে জনমত গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। জনগণ গণভোটের রায় মেনে নেওয়ার পক্ষে রয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, সংসদের শেষ দিনে প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যে জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে সৃষ্ট সংকট সমাধানের বিষয়ে স্পষ্ট বার্তা প্রত্যাশা করছে দেশবাসী। রাজপথে সংঘাতের পরিবর্তে সংসদের ভেতরেই রাজনৈতিক সংকটের সমাধান হওয়া উচিত।
গোলাম পরওয়ার বলেন, সরকার শুধু ঘোষণা দিক যে তারা গণভোটে ৭০ শতাংশ মানুষের দেওয়া রায় মেনে নিয়েছে। তাহলেই জামায়াত তাদের চলমান সব কর্মসূচি প্রত্যাহার করে নেবে। এরপর গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নে সরকার ও বিরোধী দল সংসদীয় প্রক্রিয়ায় একসঙ্গে কাজ করতে পারবে।
তবে গণভোটের রায় মেনে নেওয়াকে সরকারের সঙ্গে সহযোগিতার আনুষ্ঠানিক শর্ত হিসেবে দেখছেন না বলে স্পষ্ট করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, সরকার বা সরকারি দলের পক্ষ থেকে জামায়াতের কাছে আনুষ্ঠানিকভাবে সহযোগিতার কোনো প্রস্তাব আসেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য প্রচারিত হলেও সেগুলোকে আনুষ্ঠানিক প্রস্তাব হিসেবে বিবেচনা করা যায় না।
তিনি বলেন, সরকার গণভোটের রায় মেনে জনগণের আস্থা ফিরিয়ে আনুক। রাজনৈতিক সংকটের সমাধান হলে অন্যান্য সংকটও কাটিয়ে ওঠা সম্ভব হবে।
গার্মেন্টস খাতের অস্থিরতা নিয়েও উদ্বেগ
গার্মেন্টস খাতের চলমান অস্থিরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, পোশাকশিল্পে শ্রমিকদের দাবির পাশাপাশি সহিংসতার পেছনে উসকানির বিষয়ও রয়েছে বলে তারা মনে করেন। একটি মহল শিল্প ও অর্থনীতি ধ্বংস করতে চায় বলে অভিযোগ করেন তিনি।
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পের নিরাপত্তা রক্ষায় মালিকপক্ষের প্রতি আহ্বান জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, আর শিল্প বাঁচলে দেশ বাঁচবে। তাই শ্রমিকদের ন্যায্য দাবি ও শিল্পের স্বার্থের মধ্যে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। গার্মেন্টস খাতের অস্থিরতা নিরসনে জামায়াত সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।
আওয়ামী লীগের প্রত্যাবর্তনে সমর্থন নয়
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার বিষয়ে জামায়াত কোনো সমর্থন দেবে না। বরং সরকার তাদের ফিরিয়ে আনার জন্য কোনো ব্যবস্থা করছে কি না, সে ধরনের পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন।
বিএনপির সঙ্গে একযোগে মাঠে থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত ও বিএনপি একই দল নয়। বিএনপি সরকার পরিচালনা করছে, আর জামায়াত বিরোধী দলে রয়েছে। তবে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণের সঙ্গে জামায়াত ঐক্যবদ্ধ রয়েছে। তারা রাজপথ ও সংসদে নিজেদের অবস্থান থেকে কাজ করছেন। নতুন করে কোনো অবস্থান নেওয়ার ঘোষণাও নেই বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমানসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্য।
