থানা ছেড়ে চলে গেলেন পুলিশ সদস্যরা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম
ছবি : সংগৃহীত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর নিরাপত্তার স্বার্থে থানা ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন পুলিশ সদস্যরা।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে পুলিশ সদস্যদের থানা ত্যাগ করতে দেখা যায়। এ সময় তাঁদের সঙ্গে পুলিশের পোশাক, অস্ত্র, প্রয়োজনীয় সরঞ্জাম এবং ব্যক্তিগত মালামাল ছিল।
এর আগে দুপুর ১২টার দিকে পুলিশ সদস্যরা থানায় এসে আগুনে পুড়ে যাওয়া ও ধ্বংসস্তূপের মধ্যে অক্ষত থাকা মালামাল উদ্ধার শুরু করেন। পরে প্রয়োজনীয় সরঞ্জাম ও মালামাল সঙ্গে নিয়ে তাঁরা নিরাপদ স্থানে চলে যান।
এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় থানার ভেতরে থাকা পুলিশের একাধিক গাড়ি ও বিভিন্ন সরঞ্জাম পুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি হাজতখানার দরজা ভেঙে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। হামলার মুখে আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা থানা থেকে সরে যেতে বাধ্য হন।
এদিকে, বুধবার সকালেও থানার ভেতরে পোড়া গাড়ি, আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জামের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। এ ছাড়া সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
