বিমানমন্ত্রী
নগর উন্নয়ন শুধু অবকাঠামো নয়, নাগরিকদের সুস্থতা ও বিনোদনও জরুরি
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৬ পিএম
ছবি: সংগৃহীত
নগর উন্নয়ন শুধু রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। একটি বাসযোগ্য নগর গড়ে তুলতে নাগরিকদের সুস্থতা, বিনোদন এবং তরুণদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করাও জরুরি বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
তিনি বলেছেন, প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ গড়ে তোলা এবং তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি ক্রীড়াকে পেশা ও কর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্ব দিতে হবে।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে বর্ণাঢ্য আয়োজনে ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন।
মন্ত্রী বলেন, প্রকৃত নগর উন্নয়ন তখনই পূর্ণতা পায়, যখন তরুণ সমাজ ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত থাকে এবং নগরের প্রতিটি নাগরিক সুস্থ বিনোদন ও খেলাধুলার সুযোগ পায়। এ লক্ষ্য বাস্তবায়নে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ এবং তরুণদের প্রতিভা বিকাশের উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন।
দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের উদ্যোগ তুলে ধরে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের খেলাধুলার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। খেলাধুলাকে সম্ভাবনাময় পেশা ও কর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর উদ্যোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি নেওয়া হয়েছে।
তিনি বলেন, এ কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করা হবে। তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, ক্রীড়া ভাতা ও আর্থিক নিরাপত্তা দেওয়ার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
অংশগ্রহণকারী খেলোয়াড়দের উদ্দেশে মন্ত্রী বলেন, একটি ট্রফি কাউকে বিজয়ী করতে পারে, কিন্তু ভালো আচরণ, সততা ও ক্রীড়াসুলভ মনোভাবই একজন খেলোয়াড়কে প্রকৃত অর্থে প্রতিষ্ঠিত করে। খেলায় জয়ী হলে বিনয়ী থাকতে হবে, আর পরাজিত হলে হতাশ না হয়ে সাহসের সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের খেলোয়াড়, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
