৯১ রানে অলআউট বাংলাদেশ, অবাক নন নরকিয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৫ পিএম
ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৪০০ রান করেছিল বাংলাদেশ। অথচ সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সেই দলই গুটিয়ে গেছে মাত্র ৯১ রানে। এমন নাটকীয় পতন বাইরে থেকে অবাক করার মতো হলেও দক্ষিণ আফ্রিকার পেসার আনরিখ নরকিয়া অবশ্য বিস্মিত নন।
তার মতে, দুই টেস্টের কন্ডিশনে ছিল বেশ পার্থক্য। তাই আগের ম্যাচের পারফরম্যান্স দিয়ে এবারের বাংলাদেশকে বিচার করতে চাননি তিনি।
সেঞ্চুরিয়নে প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নরকিয়া বলেন, ‘সত্যি বলতে, না। আগের ম্যাচে ৪০০ রান করেছে, সেটা মাথায় রেখে আমি ভাবিনি। দুই ম্যাচের কন্ডিশন ছিল ভিন্ন। দুই দলই দীর্ঘ সিরিজ খেলে এসেছে। কী হবে, তা নিশ্চিত করে বলা কঠিন। টেস্ট ক্রিকেটে যেকোনো দলই নির্দিষ্ট দিনে বা ম্যাচে ভালো খেলতে পারে। আমাদের নিজেদের নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলোতে মনোযোগ দিতে হয়েছে। বোলিংয়ের সময় অফ স্টাম্পের মাথা লক্ষ্য করে বল করা, আর ব্যাটিংয়ের সময় ভালো সিদ্ধান্ত নেওয়াই ছিল আমাদের কাজ।’
বাংলাদেশের ব্যাটিংয়ের সময় উইকেটে মুভমেন্ট থাকলেও শুরুতে খুব বেশি সুইং পাননি বলে জানান নরকিয়া। তাই যতটা সম্ভব সোজা লাইনে বল করে ব্যাটারদের খেলতে বাধ্য করাই ছিল তার পরিকল্পনা। উইকেট তখন কিছুটা ধীরগতির থাকায় বোলিংয়ের ছন্দ খুঁজে নেওয়ার ওপরও জোর দিয়েছিলেন তিনি।
নরকিয়া বলেন, ‘আমার পরিকল্পনা ছিল যতটা সম্ভব সোজা লাইনে বল করা। সতীর্থদের কাছ থেকে শুনেছিলাম, বল খুব বেশি সুইং করছে না। তাই ব্যাটারদের যতটা সম্ভব খেলতে বাধ্য করতে চেয়েছি। উইকেট তখন কিছুটা ধীরগতির ছিল। তাদের সামনের পায়ে খেলতে বাধ্য করার চেষ্টা করেছি। শুরুতে নিজের ছন্দ খুঁজে নেওয়াই ছিল মূল লক্ষ্য। পরিকল্পনাটা সহজ ছিল এবং শেষ পর্যন্ত কাজে দিয়েছে।’
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তাওহীদ হৃদয়ের ব্যাটিংও নজর এড়ায়নি নরকিয়ার। চা বিরতির আগে সাইমন হারমারের বলে ছক্কা হাঁকানোর পর হৃদয় যেভাবে ক্রিজ ছেড়ে বেরিয়ে বড় শট খেলার চেষ্টা করছিলেন, সেটি দক্ষিণ আফ্রিকানদের চোখে পড়েছিল। নরকিয়ার মতে, উইকেটে বলের মুভমেন্ট বুঝেই হারমার ও দলীয় পরিকল্পনা অনুযায়ী হৃদয়ের উইকেটটি তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
তিনি বলেন, ‘আমার মনে হয়, আমরা ব্যাপারটা আঁচ করতে পেরেছিলাম। দেখা যাচ্ছিল, উইকেটে অনেক মুভমেন্ট আছে। এ কারণে সবাই দ্রুত রান তুলতে আগ্রহী ছিল। সাইমন খুব ভালো বোলিং করেছে। এক-দুটি বাউন্ডারি এলেও সে অনেক সুযোগ তৈরি করেছে। এমন উইকেটে এভাবে খেলতে গেলে, বিশেষ করে এই মুহূর্তে, যেকোনো একটি বলেই আউট হতে পারেন। আমরা যখন বিষয়টি বুঝতে পেরেছি, সাইমন কৌশলগতভাবে ভালো বোলিং করেছে এবং ওই উইকেট পাওয়ার জন্য ফিল্ডিংও দারুণভাবে সাজানো হয়েছিল।’
