পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৬:৩৬ পিএম
আকবর শাহ থানা। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় পুলিশের ওপর হামলা করে এক আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। আসামির নাম রায়হান উদ্দিন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে আকবর শাহ থানাধীন বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, তিনি সীতাকুণ্ড থানার একটি বিস্ফোরক মামলার ৫৪ নম্বর আসামি।
হামলায় নগর গোয়েন্দা শাখার পুলিশ সদস্য নাছির উদ্দিন আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আরো পড়ুন: বিগত সরকার উন্নয়নের নামে অর্থ লুটপাট করেছে
নগর ডিবির উপপরিদর্শক (এসআই) আমির হোসেন বাদী হয়ে আকবর শাহ থানায় মামলা করেছেন। এতে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৬০ জনকে আসামি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় বেশি কিছু মানুষ পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। এক পর্যায়ে হামলাকারীরা গ্রেপ্তার রায়হানকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, ছিনিয়ে নেয়া আসামি ও হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আহত পুলিশ সদস্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
