ভোটকেন্দ্র খালি রেখে জামায়াত নেতার বাড়িতে দাওয়াতে যোগদান, আটক ২ কর্মকর্তা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪ এএম
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরে দুই নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে ভোটকেন্দ্রের দায়িত্বে অবহেলা করে স্থানীয় রাজনৈতিক নেতার বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাদেরকে আটক করা হয়েছে।
তারা লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ১২০নং নলঠগি মদিনাতুল উলুম ইসলামীয়া মাদরাসা ভোটকেন্দ্রের দায়িত্বে ছিলেন। আটক দুই কর্মকর্তা হলেন- সহকারী প্রিজাইডিং অফিসার এম এ ওসমানি এবং পোলিং অফিসার মো. ইকবাল হোসেন।
এম এ ওসমানি গন্ধব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ইকবাল হোসেন দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত।
গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা।
জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট (এডিএম) মেজবাউল হক ভূঁইয়া আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুই কর্মকর্তা চন্দ্রগঞ্জ থানা পুলিশের হেফাজতে আছেন। তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ আনা হয়েছে।
জেলা পুলিশ সূত্র জানায়, ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা অবস্থায় তারা কেন্দ্র ছেড়ে স্থানীয় জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে যান। বিষয়টি জানার পর প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।
