ফেনীতে যুবদল কর্মীকে চাঁদা না দেওয়ায় রেস্টুরেন্ট ভাঙচুর ও লুট
সৈয়দ মনির আহমদ, ফেনী থেকে
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৫:৩৮ পিএম
ছবি: কাগজ প্রতিবেদক
ফেনীতে দাবিকৃত ১০ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় হাজীর মিষ্টিমেলা এন্ড রেস্টুরেন্ট ভাঙচুর ও দুই লক্ষ টাকা লুট করেছে দুই যুবদলকর্মী এবং তাদের সশস্ত্র সহযোগীরা। মঙ্গলবার রাত ১০টার দিকে ফেনী শহরের হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে ফেনীর ব্যবসায়ীদের মাঝে। জড়িতদের গ্রেফতারে বিশেষ অভিযান চলছে বলে জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার শফিকুল ইসলাম।
জানাগেছে, শহর যুবদলের মনির হোসেন ও ইকবাল হোসেন সম্প্রতি হাজীর মিষ্টিমেলা এন্ড রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ রিয়াদের কাছে ১০ লাখ টাকা চাঁদাদাবি করে। দাবিকৃত ১০ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় মঙ্গলবার রাতে ওই দুই যুবদলকর্মী তাদের অনুসারি ১০/১২ জন সশস্ত্র ক্যডার নিয়ে রেস্টুরেন্টে হামলা করে কেশ থেকে প্রায় দুই লাখ টাকা লুট করে নেয়। এতে বাধা দেওয়ায় স্টাফদের মারধো ও রেষ্টুরেন্টে ব্যপক ভাঙচুর করে।
হাজীর মিষ্টিমেলা এন্ড রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ রিয়াদ বলেন, তারা বারবার চাঁদাদাবি করে। একজন ব্যবসায়ী কতবার- কতগ্রুপকে চাঁদা দিবে। এভাবে চলতে থাকলে আমরা দেশ ছেড়ে চলে যেতে হবে। আমি বিএনপির সমর্থক হয়েও চাঁদাবাজদের হাত থেকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান ও নিজেকে রক্ষা করতে পারিনি। অন্যদের অবস্থা আরও করুণ।
জেলা যুবদলের সদস্যসচিব বরাত চৌধুরী বলেন, ন্যক্কারজনক এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। তবে জড়িতদের কেউই যুবদলের কোন পদে নেই।
ফেনী থানার ওসি গাজী ফৌজুল আজিম বলেন, অভিযোগের ভিত্তিতে সিসিফুটেজ দেখে দুজনকে সনাক্ত করা হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।
