ডিএমপিতে বড় নিয়োগ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২০ পিএম
ফাইল ছবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) পাঁচ ক্যাটাগরির পদে ২০ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৩, ১৪, ১৬ ও ২০তম গ্রেডের এসব পদে দেশের সব জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। পদ অনুযায়ী আবেদনের জন্য স্নাতক, উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও মাধ্যমিক (এসএসসি) পাসের যোগ্যতা চাওয়া হয়েছে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর পদে একজন নিয়োগ দেওয়া হবে। ১৩তম গ্রেডের এ পদে বেতন স্কেল ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা। আবেদন করতে হলে প্রার্থীকে স্নাতক বা সমমান পাস হতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
একই গ্রেডে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পাবেন ছয়জন। এ পদের জন্য বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা বাধ্যতামূলক। এ পদেও বেতন স্কেল ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা।
১৪তম গ্রেডে সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে তিনজন নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদনের যোগ্যতা স্নাতক বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতাও থাকতে হবে। এ পদে বেতন স্কেল ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা।
এ ছাড়া ১৬তম গ্রেডে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আটজন নেওয়া হবে। এ পদে আবেদনের জন্য এইচএসসি বা সমমান পাস হতে হবে। একই সঙ্গে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এ পদের বেতন স্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা।
অন্যদিকে, ২০তম গ্রেডে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে দুজনকে। এ পদে এসএসসি বা সমমান পাস হলেই আবেদন করা যাবে। বেতন স্কেল ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।
আবেদনের বয়স ও সময়সীমা
আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। আগ্রহী প্রার্থীদের ডিএমপির নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
আগামী ১২ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
আবেদন ফি
টেলিটকের সার্ভিস চার্জসহ প্রথম থেকে চতুর্থ পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১২ টাকা। পঞ্চম পদের জন্য ফি ৫৬ টাকা। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
