ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৬ পিএম
ছবি: সংগৃহীত
ইরানের ওপর চাপ বাড়াতে এবার দেশটির স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম সীমিত করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। কয়েক মাস ধরে চলা নৌ অবরোধের পাশাপাশি স্থলপথে উন্নত অস্ত্র ও নিষেধাজ্ঞার আওতাভুক্ত সরঞ্জাম প্রবেশ ঠেকাতে নতুন একটি টাস্কফোর্স গঠন করেছে মার্কিন সামরিক বাহিনী।
শনিবার (৭ নভেম্বর) ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে নতুন এই বাহিনী গঠনের ঘোষণা দেওয়া হয়। এর সদর দপ্তর হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায়। দেশটির বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করবে টাস্কফোর্সটি।
নতুন এ উদ্যোগের মূল লক্ষ্য ইরানে অস্ত্র সরবরাহ বন্ধ করা। একই সঙ্গে দেশটির সামরিক সক্ষমতা বাড়াতে ব্যবহৃত দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তির প্রবাহ এবং ওয়াশিংটনের ভাষায় অবৈধ অর্থের লেনদেন বন্ধ করার দায়িত্বও পালন করবে বাহিনীটি। বেসামরিক কাজে ব্যবহারের পাশাপাশি সামরিক ক্ষেত্রেও কাজে লাগানো যায়—এমন প্রযুক্তি ও সরঞ্জামকে দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি বলা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন টাস্কফোর্স গঠনের মধ্য দিয়ে ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ প্রয়োগের পরিধি আরও বাড়াতে চাইছে যুক্তরাষ্ট্র। ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর আট মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের চাপ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: ট্রাম্পের হুমকির পর ইরানের কূটনৈতিক তৎপরতা, পুতিনের কাছে বার্তা
এর আগে ইরানের সামরিক স্থাপনায় মার্কিন হামলায় দেশটির প্রচলিত সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি নৌ অবরোধের কারণে হরমুজ প্রণালি ও আরব সাগর দিয়ে ইরানের অপরিশোধিত তেল রপ্তানিও মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে।
তবে এসব পদক্ষেপের পরও আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ইরানকে বড় ধরনের হুমকি হিসেবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটির শাসকগোষ্ঠী অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নতুন টাস্কফোর্সের মাধ্যমে ইরানের স্থল ও নৌপথে বাণিজ্যিক যোগাযোগের ওপর নজরদারি বাড়ানোর পাশাপাশি দেশটির কাছে অস্ত্র, প্রযুক্তি ও আর্থিক সহায়তা পৌঁছানোর পথ সংকুচিত করতে চায় ওয়াশিংটন। এর ফলে ইরানের ওপর চলমান অবরোধ ও নিষেধাজ্ঞা কার্যক্রম আরও বিস্তৃত হতে পারে।
