বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পিএম
ফাইল ছবি
চট্টগ্রাম নগর বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত প্রচারণায় বেজে উঠেছে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি গান। ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ শিরোনামের গানটি বাজানোর ৩৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় মাইকে দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচি নেয় নগর বিএনপি। সকাল থেকেই নগরের আগ্রাবাদ এলাকায় মাইকে গান বাজানো হচ্ছিল। একপর্যায়ে সেখানে শেখ হাসিনাকে নিয়ে লেখা গানটি বেজে ওঠে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাইকে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গানটি বাজছে। এ সময় পাশের সড়ক দিয়ে রিকশা, অটোরিকশা, সাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছিল।
ঘটনাটিকে অসতর্কতাজনিত বলে দাবি করেছে পুলিশ। তবে বিএনপির নেতারা জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গান বাজানোর ভিডিওটি তাদের নজরে এলেও এ বিষয়ে বিস্তারিত তথ্য তাদের জানা নেই।
চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শওকত আজম খাজা গণমাধ্যমকে বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরের বিভিন্ন এলাকায় মাইকে দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচি ছিল। আগ্রাবাদে দলের কর্মসূচিতে অন্য একটি দলের গান বাজানোর ভিডিও তাঁর নজরে এসেছে। তবে কারা গানটি বাজিয়েছেন, তা এখনো নিশ্চিত হতে পারেননি।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সাল গণমাধ্যমকে বলেন, বিএনপির কর্মসূচিতে অন্য একটি গান বাজানোর ভিডিও পুলিশের নজরে এসেছে। বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে কর্মসূচির আয়োজকদের সঙ্গে কথা বলেছে।
ওসি জানান, আয়োজকেরা পুলিশকে জানিয়েছেন, ইউটিউব থেকে দলীয় গান বাজানো হচ্ছিল। একের পর এক গান চলার মধ্যে অসতর্কতাবশত একপর্যায়ে ওই গানটি বেজে ওঠে। বিষয়টি বুঝতে পেরে দ্রুত গানটি বন্ধ করে দেওয়া হয়। এটি ইচ্ছাকৃতভাবে বাজানো হয়নি বলে আয়োজকেরা জানিয়েছেন।
