রাউজানে আবারো বিএনপি কর্মীকে গুলি করে হত্যা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৪:০১ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের রাউজানে মুহাম্মদ কাউসার উজ জামান বাবলু (৩৬) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে দুর্বৃত্তরা। বাবলু বিএনপির একজন কর্মী বলে জানা গেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল রাউজান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাউসার উজ জামান বাবলুর পিতা স্থানীয় কৃষক আবুল কালাম সওদাগর।
কোনো রাজনৈতিক পদ-পদবি না থাকলেও, বাবলুকে স্থানীয় বিএনপির মিছিল-মিটিংয়ে নিয়মিত দেখা যেত বলে তার পরিচিতরা জানিয়েছে।
এর আগে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি রাউজানে মুজিব ভান্ডারী (৬০) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঠিক দুই মাসের ব্যবধানে আরেকজন বিএনপি কর্মীর মৃত্যুতে পুরো এলাকায় আকঙ্ক তৈরি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৩টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব আইলীখীল এলাকার আলী আহমেদ প্রকাশ ননাইয়ের টিলায় একটি মাটি খননযন্ত্রের (এক্সকাভেটর) পাশে বাবলু গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
