×

চট্টগ্রাম

অবৈধ গ্যাসে চুন কারখানা, অতিষ্ঠ এলাকাবাসী

বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি

Icon

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৭:৩৭ পিএম

অবৈধ গ্যাসে চুন কারখানা, অতিষ্ঠ এলাকাবাসী

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলার আবাসিক এলাকায় পরিবেশগত বিধিনিষেধ উপেক্ষা করে চুন পোড়ানোর কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে চুল্লিতে পাথর পুড়িয়ে দেদার চুন উৎপাদন করা হচ্ছিল। দীর্ঘদিন ধরে নির্গত কালো ধোঁয়া ও বিষাক্ত গ্যাসে জনস্বাস্থ্য ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

রোববার বিকেলে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কুলুবাড়ী এলাকায় বসতবাড়ির মধ্যেই পরিচালিত হচ্ছিল এই চুন কারখানা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দিনের তুলনায় রাতে কারখানার কার্যক্রম বেড়ে যেত। তখন ধোঁয়া ও দুর্গন্ধের মাত্রাও বৃদ্ধি পেত। এতে আশপাশের পরিবারগুলোর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, কারখানাটিতে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে চুল্লি পরিচালনা করা হচ্ছিল। উৎপাদন ব্যয় কমিয়ে অধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিবেশগত ঝুঁকি উপেক্ষা করা হয়েছে বলেও দাবি তাঁদের।

স্থানীয়রা জানান, প্রতিদিন কারখানা থেকে নির্গত ঘন ধোঁয়া আশপাশের বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজার এলাকায় ছড়িয়ে পড়ত। বিশেষ করে শিশু, নারী ও বয়স্করা শ্বাসকষ্ট, দীর্ঘস্থায়ী কাশি, চোখে জ্বালাপোড়া, মাথাব্যথা ও ত্বকের বিভিন্ন সমস্যায় ভুগছেন বলে অভিযোগ করেন।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “রাত হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে যায়। জানালা-দরজা বন্ধ রেখেও ধোঁয়া ও দুর্গন্ধ থেকে রক্ষা পাওয়া যায় না। শিশুদের নিয়ে সবসময় আতঙ্কে থাকতে হয়।”

স্থানীয় সূত্রে জানা গেছে, দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের সংচাইল গ্রামের বাসিন্দা মোমেন মিয়া কোম্পানীগঞ্জ বাজার এলাকার ব্যবসায়ী মামুন মিয়ার কাছ থেকে ভাড়া নেওয়া জায়গায় কারখানাটি স্থাপন করেন। তবে পরিবেশ অধিদপ্তরের পরিবেশগত ছাড়পত্র বা প্রয়োজনীয় অনুমোদন ছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে দেবিদ্বার এলাকার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কাজী আবু ওবায়েদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কুলুবাড়ী এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী চারটি নজেলের মাধ্যমে একটি চুন কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করছেন। পরে বিষয়টি অফিসে অবহিত করা হলে বিজিডিসিএলের ভিজিল্যান্স ও লাইসার টিম অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে সক্ষম হয়।”

তিনি আরও জানান, “এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জায়গার মালিক মামুন, ভাড়াটিয়া মোমেন এবং সহকারী বিল্লালের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। মামলার অগ্রগতির বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ পরবর্তী সময়ে তথ্য জানাবে।”

এ বিষয়ে কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব বলেন, “আবাসিক এলাকায় পরিবেশ দূষণকারী শিল্পকারখানা পরিচালনার অনুমতি নেই। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয়দের দাবি, পরিবেশ ও জনস্বার্থ বিবেচনায় আবাসিক এলাকা থেকে এ ধরনের দূষণকারী কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে নির্ধারিত শিল্পাঞ্চলে স্থানান্তর নিশ্চিত করতে হবে। অন্যথায় জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় আরও কঠোর কর্মসূচি নেওয়া হতে পারে বলেও জানিয়েছেন তাঁরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শক্তিশালী ভূমিকম্পে ২ মিটার উঁচু হলো সমুদ্রতল, প্রবাল প্রাচীর ধ্বংস

শক্তিশালী ভূমিকম্পে ২ মিটার উঁচু হলো সমুদ্রতল, প্রবাল প্রাচীর ধ্বংস

মেক্সিকোতে সন্ত্রাসীদের গুলিতে মেয়র নিহত

মেক্সিকোতে সন্ত্রাসীদের গুলিতে মেয়র নিহত

আজ রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আজ রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

অবৈধ মাটি কাটায় যুবকের কারাদণ্ড, যুবকের ১ বছরের কারাদণ্ড

অবৈধ মাটি কাটায় যুবকের কারাদণ্ড, যুবকের ১ বছরের কারাদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App