×

রাজশাহী

মৃত চেয়ারম্যানের নামে তোলা হয়েছে ১০৭ বস্তা চাল

Icon

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ পিএম

মৃত চেয়ারম্যানের নামে তোলা হয়েছে ১০৭ বস্তা চাল

ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা খাদ্যগুদামে সরকারি চাল আত্মাসাৎ ও বিতরণে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। খাদ্যগুদামের নথিতে প্রায় দেড় বছর আগে দুর্বৃত্তদের গুলিতে নিজ কার্যালয়ে নিহত ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুর নামে ১০৭ বস্তা (৩ দশমিক ২১০ মেট্রিক টন) চাল গ্রহণের তথ্য পাওয়া গেছে। 

দুদকের অভিযানে সরকারি বিভিন্ন কর্মসূচির আওতায় খাদ্যশস্য বিতরণ ও সংরক্ষণসংক্রান্ত নথিপত্র যাচাইয়ের সময় এই অসংগতি ধরা পড়ে। নিহত চেয়ারম্যানের নামে সরকারি চাল গ্রহণের তথ্য সামনে আসায় খাদ্যগুদামের চাল বিতরণ ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আরও জোরালো হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদের নেতৃত্বে উপজেলা খাদ্যগুদামে এ অভিযান চালানো হয়। এ সময় চাঞ্চল্যকর এই তথ্য উঠে আসে। অভিযানে সরকারি বিভিন্ন কর্মসূচির খাদ্য বিতরণের নথিপত্র পরীক্ষা করা হয়। এ সময় বেশ কিছু নথিতে নানা অসংগতি পাওয়া যায় বলে জানিয়েছে দুদক। 

দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বলেন, 'বুধবার দুপুরে আমরা দৌলতপুর খাদ্যগুদামে অভিযান চালাই। অভিযানকালে খাদ্যগুদামের নানা বিষয় নিয়ে তদন্ত করা হয়। এ সময় একজন মৃত চেয়ারম্যানের নামে চাল উত্তোলনসহ বেশ কিছু নথিপত্রে অসংগতি পাওয়া যায়। এ বিষয়ে তদন্ত অব্যাহত থাকবে।'

দুদক সূত্রে জানা গেছে, ফিলিপনগর ইউনিয়নের দুস্থ মহিলাদের জন্য বরাদ্দ করা চাল বিতরণসংক্রান্ত নথি যাচাই করতে গিয়ে নিহত চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুর নামে চাল গ্রহণের তথ্য পাওয়া যায়। নথিতে ১০৭ বস্তা বা ৩ দশমিক ২১০ মেট্রিক টন চাল গত ১৩ অক্টোবর গ্রহণের বিষয়টি উল্লেখ রয়েছে। অথচ চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টু দেড় বছরেরও বেশি সময় আগে নিজ কার্যালয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। ফলে তার নামে কীভাবে চাল গ্রহণ দেখানো হয়েছে, কারা ওই চাল গ্রহণ করেছেন এবং চালের প্রকৃত গন্তব্য কোথায়—এসব বিষয় তদন্তের আওতায় আসছে। 

এ অভিযানের একদিন আগে দৌলতপুর উপজেলা খাদ্যগুদামে সরকারি চাল বিতরণ ও সংরক্ষণে অনিয়ম এবং চাল আত্মসাতের অভিযোগ নিয়ে গণমাধ্যমে খবর বের হয়। ওই খবরে খাদ্যগুদামের চাল বিতরণ ও সংরক্ষণ ব্যবস্থাপনায় বিভিন্ন অনিয়মের তথ্য উঠে আসে। গণমাধ্যমে খবরটি বেরোনোর পর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে মঙ্গলবার সকালে এক আদেশে ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) সেলিম রেজাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। 

এদিকে মৃত চেয়ারম্যানের নামে সরকারি চাল গ্রহণের তথ্য, খাদ্যগুদামের নথিপত্রে একাধিক অসংগতি এবং কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহারের ঘটনায় দৌলতপুর উপজেলা খাদ্যগুদামের সরকারি খাদ্যশস্য বিতরণ ও সংরক্ষণ ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। দুদকের তদন্তে এসব অনিয়মের প্রকৃত চিত্র উদঘাটিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কুষ্টিয়া জেলা খাদ্য কর্মকর্তা আল ওয়াজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ প্রকাশের পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ওসিএলএসডি সেলিম রেজাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

মৃত চেয়ারম্যানের নামে তোলা হয়েছে ১০৭ বস্তা চাল

মৃত চেয়ারম্যানের নামে তোলা হয়েছে ১০৭ বস্তা চাল

ইকবাল সোবহানকে নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ইকবাল সোবহানকে নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আসছে ৬ শৈত্যপ্রবাহ

আসছে ৬ শৈত্যপ্রবাহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App