রাখাইনে দফায় দফায় বিস্ফোরণ, কেঁপে উঠছে টেকনাফ সীমান্ত
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৭:১৫ পিএম
ছবি : সংগৃহীত
কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও দফায় দফায় বোমা বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। এতে বাংলাদেশের সীমান্তবর্তী হোয়াইক্যং ও হ্নীলা এলাকার বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার দুপুর থেকে টেকনাফের হোয়াইক্যং ও হ্নীলা সীমান্তসংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যের বলিবাজার ও কুমিরখালী এলাকায় সংঘর্ষ চলার সময় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে বুধবার দিন ও রাতে মংডু শহরেও বিমান হামলার ঘটনা ঘটে।
হোয়াইক্যং এলাকার বাসিন্দা আব্দুর রহমান জানান, দুপুরের দিকে বলিবাজার ও কুমিরখালী এলাকা থেকে পরপর কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ ভেসে আসে। এতে সীমান্তসংলগ্ন এলাকার বাড়িঘর কেঁপে ওঠে। তিনি জানান, এ পর্যন্ত অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, প্রায় এক বছর আগে একই সীমান্ত এলাকায় আরাকান আর্মি ও মিয়ানমারের জান্তা বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছিল। সে সময় সীমান্তের বাসিন্দারা দীর্ঘদিন আতঙ্কের মধ্যে ছিলেন। নতুন করে রাখাইনে সংঘর্ষ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে আবারও উদ্বেগ তৈরি হয়েছে।
হ্নীলা মৌলভীবাজার এলাকার জেলে রহমত উল্লাহ বলেন, সকালে নাফ নদীতে মাছ ধরতে গেলেও দুপুরের দিকে রাখাইন সীমান্ত থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শুনে আতঙ্কিত হয়ে দ্রুত তীরে ফিরে আসেন।
এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্তের ওপার থেকে বিস্ফোরণের শব্দ শোনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
