সীতাকুণ্ডে পাহাড় ধসে শিশুর মৃত্যু, আহত মা-বাবা
নন্দন রায়, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৬:০৭ পিএম
ছবি : ভোরের কাগজ
চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় ধসে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা ও বাবা আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ড উপজেলার ১০ নম্বর ছলিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর সমাজ বাগানবাড়ি, জঙ্গল ছলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মো. আশরাফুল ইসলাম (তানভীর)। আহতরা হলেন শিশুটির বাবা মো. মহিউদ্দিন এবং মা লামিয়া বেগম।
জানা যায়, বুধবার সকালে লামিয়া বেগম কোলে নিয়ে শিশু তানভীরকে দুধ খাওয়াচ্ছিলেন। এ সময় পাশের পাহাড়ের একটি অংশ ধসে তাদের ঘরের ওপর পড়ে। এতে ঘরটি ভেঙে মা, বাবা ও শিশুসহ তিনজনই মাটিচাপা পড়েন।
ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, মাথায় মাটির আঘাত লাগায় শিশু আশরাফুল ইসলাম (তানভীর) মারা গেছে। আহত মা লামিয়া বেগম ও বাবা মহিউদ্দিন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফকরুল ইসলাম এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান।
পরবর্তী পাহাড়ধসের আশঙ্কায় পুলিশ মাইকিং করে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফকরুল ইসলাম জানান, তিনটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া পাহাড়ধসে নিহত শিশুর পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা এবং পাঁচ প্যাকেট খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
