জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৩ পিএম
ছবি: সংগৃহীত
জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় নগর অবকাঠামোকে আরও সহনশীল, জ্বালানিসাশ্রয়ী ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এ লক্ষ্যে ভবনের জ্বালানি ব্যবহার কমানো, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং পরিবেশবান্ধব শিল্পায়নে বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার করেছেন শতাধিক দেশের নেতারা। একই সঙ্গে ২০৩৫ সালের মধ্যে বিশ্বব্যাপী ভবনগুলোর পরিচালনাগত জ্বালানি ব্যবহার ২৫ শতাংশ কমানোর লক্ষ্যে ‘আনতালিয়া কমপ্যাক্ট’ অনুমোদন করেছেন তারা।
তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর অংশ হিসেবে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক সংলাপে এসব সিদ্ধান্ত ও উদ্যোগের কথা তুলে ধরা হয়। কপ-৩১ প্রেসিডেন্সি ও জাতিসংঘের মানব বসতি কর্মসূচি (ইউএন-হ্যাবিট্যাট) আয়োজিত নগর সহনশীলতা, অভিযোজন ও জলবায়ু পদক্ষেপবিষয়ক এ সংলাপে নগরকেন্দ্রিক জলবায়ু পরিকল্পনা বাস্তবায়ন এবং এ খাতে অর্থায়ন বাড়ানোর ওপর গুরুত্ব দেন বিশ্বনেতারা।
শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থা (ইউএনএফসিসিসি) এক বিবৃতিতে এসব তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, বিশ্বের অর্ধেকের বেশি মানুষ শহরে বসবাস করে। এসব নগর বন্যা, তীব্র তাপপ্রবাহ ও অবকাঠামোগত ক্ষতিসহ জলবায়ু পরিবর্তনের নানা ঝুঁকির মুখে রয়েছে। এ পরিস্থিতিতে জাতীয় পর্যায়ের জলবায়ু অঙ্গীকারকে নগর ও জনগোষ্ঠীর জন্য বাস্তব পদক্ষেপে রূপান্তরের ওপর গুরুত্ব দিয়েছেন বিশ্বনেতারা। জাতীয় জলবায়ু ও অভিযোজন পরিকল্পনাকে কীভাবে নগর পর্যায়ে বাস্তব বিনিয়োগে রূপ দেওয়া যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।
কপ-৩১-এর সভাপতি মুরাত কুরুম বলেন, জলবায়ু মোকাবিলার কার্যক্রম মানুষের বসবাসের জায়গায় বাস্তব সুফল বয়ে আনতে হবে। এর অর্থ হলো নিরাপদ জনগোষ্ঠী, জ্বালানিসাশ্রয়ী বাসস্থান, শক্তিশালী অবকাঠামো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মানুষের সুরক্ষা নিশ্চিত করা।
তিনি বলেন, নগরগুলোতেই জলবায়ু পরিকল্পনার বাস্তবায়ন ঘটে। মানুষের ঘরবাড়ি, নির্ভরশীল অবকাঠামো এবং দৈনন্দিন জ্বালানি ব্যবহারের মধ্য দিয়ে এর প্রতিফলন দেখা যায়। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রকল্পের অর্থায়ন, নির্মাণ এবং জনগণের জন্য বাস্তব সুফল নিশ্চিত করা।
ভবনের জ্বালানি ব্যবহার কমাতে আনতালিয়া কমপ্যাক্ট
জ্বালানিসাশ্রয়ী ভবন নির্মাণে কপ-৩১ প্রেসিডেন্সির উদ্যোগে ‘আনতালিয়া কমপ্যাক্ট’ নিয়ে বৈশ্বিক আলোচনা হয়। এতে ভবনের জ্বালানি ব্যবহার কমানো এবং দক্ষ বিদ্যুতায়ন ত্বরান্বিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
কমপ্যাক্টে ২০৩৫ সালের মধ্যে দুটি বৈশ্বিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর প্রথমটি হলো বিশ্বব্যাপী ভবনগুলোর পরিচালনাগত জ্বালানি ব্যবহারের তীব্রতা ২৫ শতাংশ কমানো। দ্বিতীয়টি হলো ভবনে দক্ষ বিদ্যুতায়ন ত্বরান্বিত করা।
এ ছাড়া উন্নত নকশা ও জ্বালানি ব্যবহারের দক্ষতার মাধ্যমে ভবনের জ্বালানি খরচ কমানোর ক্ষেত্রে বিশ্বের ছয়টি উল্লেখযোগ্য টেকসই ভবন নির্মাণ প্রকল্পকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তুরস্কের পরিকল্পনায় এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) পরিচালিত গ্লোবাল অ্যালায়েন্স ফর বিল্ডিংস অ্যান্ড কনস্ট্রাকশন (গ্লোবালএবিসি)-এর সহায়তায় দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে প্রকল্পগুলো নির্বাচন করা হয়। এ প্রক্রিয়ায় সমন্বয় করেছে ইন্টারগভর্নমেন্টাল কাউন্সিল ফর বিল্ডিংস অ্যান্ড ক্লাইমেট (আইসিবিসি)।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থাটি জানায়, নগর পর্যায়ে বর্জ্য উৎপাদন কমানো, পুনর্ব্যবহার, মেরামত ও পুনঃপ্রক্রিয়াজাতকরণের উদ্যোগও এগিয়ে নেওয়া হচ্ছে। ইস্তাম্বুল জিরো ওয়েস্ট অ্যাকশন প্ল্যাটফর্ম চালুর পর প্রথম আন্তর্জাতিক ‘জিরো ওয়েস্ট ডিস্ট্রিক্টস’ বা বর্জ্যশূন্য জেলা কার্যক্রম শুরু হয়েছে।
প্রাথমিক পর্যায়ে ২০টি জেলা এ উদ্যোগে যুক্ত হয়েছে। এসব এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হচ্ছে। একই সঙ্গে এসব কার্যক্রমের মাধ্যমে মিথেন নিঃসরণ কতটা কমানো সম্ভব হচ্ছে, তা পরিমাপ করা হচ্ছে। ভবিষ্যতে এ কার্যক্রম ১০০টি জেলায় সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া কপ-৩১-এর ‘সাসটেইনেবল আরবান রেজিলিয়েন্স ফাইন্যান্সিং ফ্যাসিলিটি’ (এসইউআরএফএফ) উদ্যোগের মাধ্যমে দেশ ও নগরগুলো জলবায়ু সহনশীলতাবিষয়ক পরিকল্পনাকে বিনিয়োগযোগ্য প্রকল্পে রূপ দিতে পারবে। সরকারি ও বেসরকারি অর্থায়ন সংগ্রহ এবং স্থানীয় পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা বাড়ানোও এ উদ্যোগের উদ্দেশ্য।
নবায়নযোগ্য জ্বালানিতে তুরস্ক-চীন ১৫ বিলিয়ন ডলারের সহযোগিতা
জলবায়ু কার্যক্রমে বেসরকারি খাতের বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যেও সম্মেলনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ইউএনএফসিসিসি জানায়, কপ-৩১ বিজনেস ফোরামে ৬০০ জনের বেশি প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও জ্যেষ্ঠ ব্যবসায়ী নেতা অংশ নিয়েছেন। প্রায় ৩০০টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে যোগ দেন। বিদ্যুতায়ন, জলবায়ু সহনশীল নগর এবং পরিবেশবান্ধব শিল্পায়নে বেসরকারি খাতের উদ্যোগ ও বিনিয়োগ বাড়ানো ছিল ফোরামের মূল লক্ষ্য।
এ ফোরামের আলোচনার মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্ক ও চীনের মধ্যে বড় ধরনের সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চীনের জাতীয় জ্বালানি প্রশাসনের সঙ্গে স্বাক্ষরিত এ চুক্তির আওতায় তুরস্কে প্রায় ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
চুক্তি অনুযায়ী, দেশটিতে নতুন করে ৭ হাজার মেগাওয়াট সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এবং জ্বালানি সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা হবে। পাশাপাশি ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা তৈরি করা হবে। এ ছাড়া প্রযুক্তি হস্তান্তর এবং তুরস্কে বায়ুবিদ্যুৎ টারবাইনের সরঞ্জাম উৎপাদনেও সহযোগিতা করা হবে।
স্বল্পোন্নত দেশগুলোর সবুজ শিল্পায়নে নতুন উদ্যোগ
স্বল্পোন্নত দেশগুলোর পরিবেশবান্ধব শিল্পায়ন ত্বরান্বিত করতে ‘লিস্ট ডেভেলপড কান্ট্রিজ গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ফ্যাসিলিটেশন মেকানিজম’ (এলডিসি-জিআইএফ) চালু করেছে কপ-৩১ প্রেসিডেন্সি।
এ উদ্যোগের মাধ্যমে স্বল্পোন্নত দেশগুলোর সবুজ শিল্প প্রকল্পের সঙ্গে প্রযুক্তি, কারিগরি সহায়তা ও অর্থায়নের সংযোগ তৈরি করা হবে। তুরস্কের নেতৃত্বে এবং জাতিসংঘের প্রযুক্তি ব্যাংকের সচিবালয় পরিচালনায় এ কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে ১০টি পাইলট দেশ এতে যুক্ত হয়েছে। আন্তর্জাতিক সংস্থা ও বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলোও এ উদ্যোগে অংশ নিয়েছে।
অন্যদিকে তুরস্কের শিল্প খাতের কার্বন নিঃসরণ কমাতে গঠিত ‘তুরস্ক ইন্ডাস্ট্রি ডিকার্বনাইজেশন ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম’ (টিআইডিআইপি) কয়েকটি প্রকল্পে জলবায়ু বিনিয়োগ তহবিল (সিআইএফ) থেকে ২৫ কোটি ডলার পাওয়ার ঘোষণা দিয়েছে। ২০৩০ সালের মধ্যে এ প্ল্যাটফর্মের মাধ্যমে ৬ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ সংগ্রহের লক্ষ্য রয়েছে।
এ ছাড়া পাঁচটি দেশ ও একটি অঞ্চলের অভিযোজন কার্যক্রমে সর্বোচ্চ ১৯ কোটি ডলার অর্থায়নের ঘোষণা দিয়েছে সিআইএফ। ‘অ্যাক্সিলারেটিং রেজিলিয়েন্স ইনভেস্টমেন্টস অ্যান্ড ইনোভেশনস ফর সাসটেইনেবল ইকোনমিজ’ (এআরআইএসই) কর্মসূচির আওতায় এ অর্থায়ন দেওয়া হবে। জলবায়ু ঝুঁকিকে সুসংহত ও বিনিয়োগযোগ্য অর্থনৈতিক পরিকল্পনায় রূপ দেওয়াই এ কর্মসূচির লক্ষ্য।
সিআইএফের প্রধান নির্বাহী কর্মকর্তা তারিয়ে গবাদেগেসিন বলেন, এআরআইএসই কর্মসূচির প্রতি ব্যাপক আগ্রহ প্রমাণ করে, দেশগুলো জলবায়ু সহনশীলতা বাড়াতে প্রস্তুত। তাদের বিনিয়োগ পরিকল্পনা ও অগ্রাধিকার রয়েছে। তবে এসব পরিকল্পনাকে বড় পরিসরে বিনিয়োগযোগ্য প্রকল্পে রূপ দিতে প্রয়োজনীয় সহায়ক অর্থায়নের ঘাটতি রয়েছে। এআরআইএসই সেই ঘাটতি পূরণে সহায়তা করবে এবং জলবায়ু সহনশীলতা খাতে সরকারি ও বেসরকারি বিনিয়োগ বাড়ানোর পরিবেশ তৈরি করবে।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জলবায়ু তহবিলে ২০০ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর উদ্যোগেও গুরুত্ব দেওয়া হয়েছে সম্মেলনে। কপ-৩১-এর আলোচনা পর্বের সভাপতি ক্রিস বোয়েন বলেন, এ অঞ্চলের দেশগুলো নিজেদের উদ্যোগে জলবায়ু সহনশীলতা বাড়ানোর কার্যক্রম এগিয়ে নিচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ অঞ্চলের মানুষের জীবন, জীবিকা, সংস্কৃতি এবং দেশগুলোর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে।
তিনি বলেন, এ সংকট মোকাবিলায় সহজলভ্য অর্থায়ন ও বাস্তব পদক্ষেপের মাধ্যমে প্রয়োজনীয় মাত্রা ও গতিতে জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে হবে। প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো শুধু জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে নেই, নিজেদের অভিজ্ঞতা, জ্ঞান ও সমাধানের মাধ্যমে নেতৃত্বও দিচ্ছে।
এ অঞ্চলের নেতাদের উদ্যোগে গঠিত ‘প্যাসিফিক রেজিলিয়েন্স ফ্যাসিলিটি’ (পিআরএফ) প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোতে জনগোষ্ঠীকেন্দ্রিক অভিযোজন ও জলবায়ু সহনশীলতা কার্যক্রমে অর্থায়নের জন্য গঠিত প্রথম আঞ্চলিক তহবিল।
এ তহবিলে ইতোমধ্যে ২০০ মিলিয়ন ডলারের বেশি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে। ২০২৬ সালে যুক্তরাজ্য, কানাডা, আয়ারল্যান্ড, ডেনমার্ক, নেদারল্যান্ডস, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, ফিজি, পাপুয়া নিউগিনি ও মার্শাল দ্বীপপুঞ্জ নতুন করে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
এ ছাড়া সম্মেলনে মিন্ডেরু ফাউন্ডেশন এ তহবিলের প্রথম দাতব্য প্রতিষ্ঠান হিসেবে ৫ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্য দিয়ে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতৃত্বে জলবায়ু সহনশীলতা গড়ে তোলার উদ্যোগে সহযোগীদের পরিধি আরও বিস্তৃত হয়েছে।
জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নের তাগিদ
জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) নির্বাহী পরিচালক ইঙ্গার অ্যান্ডারসেন বলেন, আনতালিয়া কমপ্যাক্ট জ্বালানিসাশ্রয়ী ও জলবায়ু সহনশীল ভবনকে বৈশ্বিক মানদণ্ডে পরিণত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে ভবন নির্মাণ খাতের রূপান্তরের সুযোগ ক্রমেই সংকুচিত হচ্ছে। তাই এ কার্যক্রমের গতি বাড়াতে হবে।
তিনি বলেন, এ অঙ্গীকারকে নীতিমালা, বিনিয়োগ ও বাস্তব সমাধানে রূপ দিতে হবে। এর মাধ্যমে কার্বন নিঃসরণ ও জ্বালানি ব্যয় কমানোর পাশাপাশি মানুষ ও পৃথিবীর জন্য দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করা সম্ভব হবে।
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউএন-হ্যাবিট্যাটের নির্বাহী পরিচালক আনাক্লাউদিয়া রসবাখ বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশগুলো গুরুত্বপূর্ণ অঙ্গীকার করেছে। এখন সেগুলো বাস্তবায়নের সময়।
তিনি বলেন, আবাসন, পরিবহন, ভূমি ব্যবহার ও মৌলিক সেবাসংক্রান্ত সিদ্ধান্ত নগরের কার্বন নিঃসরণ এবং জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় মানুষের সক্ষমতাকে প্রভাবিত করে। তাই পর্যাপ্ত আবাসন নিশ্চিত করা, অনানুষ্ঠানিক বসতি ও বস্তির রূপান্তর এবং নগরের জলবায়ু সহনশীলতা বাড়ানোকে জলবায়ু কার্যক্রমের কেন্দ্রীয় অগ্রাধিকার করতে হবে।
সামগ্রিকভাবে সম্মেলনের আলোচনায় নগরভিত্তিক জলবায়ু পরিকল্পনা বাস্তবায়ন, জ্বালানি ব্যবহারে দক্ষতা বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং পরিবেশবান্ধব শিল্পায়নে বিনিয়োগ বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। বিশ্বনেতাদের মতে, এসব উদ্যোগের সুফল পেতে ঘোষিত অঙ্গীকারকে দ্রুত বাস্তব প্রকল্পে রূপ দেওয়া এবং প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা জরুরি।
