পল্লী বিদ্যুৎ সমিতি
এমপি নুসরাতের বাড়িতে ‘শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি’
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৫ পিএম
ছবি: সংগৃহীত
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মকর্তা। তার দাবি, বাড়ির বৈদ্যুতিক মিটার ও বিদ্যুৎ সরবরাহকারী ট্রান্সফরমারের সার্কিট ফিউজ অক্ষত রয়েছে। ফলে আগুনের সূত্রপাতের পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত কমিটির কাছে দেওয়া বক্তব্যে এসব তথ্য জানান কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার তোজাম্মেল হক।
এর আগে শুক্রবার সকাল ১১টার দিকে তদন্ত কমিটির সদস্যরা নুসরাত তাবাসসুমের পুড়ে যাওয়া পুরোনো পারিবারিক বাড়িটি পরিদর্শন করেন। এ সময় তারা প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও লিপিবদ্ধ করেন।
জানা গেছে, সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের একটি কমিটি গঠন করেছে। কুষ্টিয়ার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলামকে কমিটির আহ্বায়ক এবং ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদকে সদস্যসচিব করা হয়েছে।
কমিটির অন্য দুই সদস্য হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর আশরারুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলওয়ার হোসেন। তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, শুক্রবার থেকে তাদের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন, সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির বক্তব্য গ্রহণ এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়া হবে।
এদিকে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার তোজাম্মেল হক জানান, অগ্নিকাণ্ডের পরপরই রাতে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে বাড়ির বৈদ্যুতিক মিটার অক্ষত অবস্থায় পাওয়া যায়। একইভাবে বাড়িটিতে বিদ্যুৎ সরবরাহকারী ট্রান্সফরমারের সার্কিট ফিউজও অক্ষত ছিল।
তার ভাষ্য, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মিটার কিংবা ট্রান্সফরমারের সার্কিট ফিউজ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা। কিন্তু এ ঘটনায় তেমন কোনো আলামত পাওয়া যায়নি। তাই প্রাথমিক পর্যবেক্ষণে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে না। অন্য কোনো কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
অন্যদিকে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা বলে দাবি করেছেন। তার অভিযোগ, বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে প্রশাসন।
তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার দেলওয়ার হোসেন বলেন, বিভিন্ন ব্যক্তির বক্তব্য, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের জবানবন্দি এবং সরকারি বিভিন্ন সংস্থার সহায়তা নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় একটি মামলাও হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের দুটি দল মাঠে কাজ করছে।
তিনি আরও বলেন, তদন্ত কমিটির মূল লক্ষ্য ঘটনার প্রকৃত সত্য উদঘাটন করা। এ ক্ষেত্রে তদন্ত প্রভাবিত হওয়ার কোনো সুযোগ নেই।
