টিকটক করার সময় বাঘের আক্রমণে মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৬ পিএম
ছবি: সংগৃহীত
পাকিস্তানে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে বাঘের হামলায় প্রাণ হারিয়েছেন ১৯ বছর বয়সী এক তরুণ। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতা নোমান হাসান ও খামারের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ম্যানচেস্টার ইভিনিং নিউজের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, লাহোরের কাহনা এলাকার একটি ব্যক্তিমালিকানাধীন খামারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, টিকটক ভিডিও ধারণের জন্য কনটেন্ট নির্মাতা নোমান হাসানের অনুরোধে খাঁচা থেকে বাঘটিকে বের করা হয়। এ সময় সেটি খামারের কর্মী ১৯ বছর বয়সী তালহার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় খামারের মালিক ফাইয়াজ ও নোমান হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। খামারের একটি প্রজননকেন্দ্রে বাঘটিকে রাখা হয়েছিল।
পুলিশ জানায়, ঘটনার পর নোমান হাসান প্রথমে দাবি করেছিলেন, কুকুরের হামলায় তালহা আহত হয়েছেন। তবে তদন্তে তার মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসে।
লাহোর পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘টিকটকের প্রতি আগ্রহ কোনো মানুষের জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে না। শখ কিংবা বিনোদনের নামে কারও জীবন ঝুঁকির মুখে ফেলার সুযোগ নেই। ঘটনা আড়াল করার চেষ্টা এবং অবহেলার প্রতিটি দিক তদন্ত করে দেখা হবে।’
পুলিশ আরও জানায়, টিকটকারের উপস্থিতিতে বাঘটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় খামারের এক কর্মী গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খামারটিতে বাঘ রাখার বৈধ অনুমতি ছিল কি না এবং প্রাণীটির নিরাপত্তা ও নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
বাঘের সঙ্গে ঝুঁকিপূর্ণ ভিডিও তৈরির জন্য পরিচিত নোমান হাসান। তার ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে শিকল দিয়ে বেঁধে রাখা বাঘকে চুমু দেওয়ার চেষ্টা করতে দেখা যায় তাকে। অন্য একটি ভিডিওতে চিতাবাঘকে আদর করার সময় প্রাণীটি হঠাৎ তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং আঁচড় দেয়।
